টাঙ্গাইলের কালিহাতীতে ছেলেধরা সন্দেহে ভ্যানচালক মিনু মিয়াকে (৩০) পিটিয়ে হত্যার ঘটনায় আরও দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুলাই) সকালে সিংগুরিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুই জন হলো- সিংগুরিয়া গ্রামের হানু মন্ডলের ছেলে রুবেল মিয়া ও একই গ্রামের বাদশার ছেলে শামিম মন্ডল। মিনু মিয়া ভূঞাপুর উপজেলার টেপিবাড়ি গ্রামের কুরবান আলীর ছেলে।
কালিহাতী থানার এসআই ও এ মামলার তদন্তকারী ফারুকুল ইসলাম বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার সকালে তাদেরকে গ্রেফতার করা হয়। এর আগে ৬ জনকে গ্রেফতার করা হয়। এ পর্যন্ত মোট আট জনকে গ্রেফতার করা হয়েছে।’
প্রসঙ্গত, ২১ জুলাই মিনু মিয়া কালিহাতীর সয়া হাটে মাছ ধরার জাল কিনতে গিয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আট দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (২৯ জুলাই) সকালে মিনু মিয়ার মৃত্যু হয়।








