সাভারের ধামরাইয়ে একটি পরিত্যক্ত ভবন থেকে হান্নান (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে জয়পুরা এলাকার একটি ব্রিক ফিল্ডের পাশের ভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুই জনকে আটক করেছে পুলিশ। হান্নান উপজেলার সোমভাগ ইউনিয়নের জয়পুরা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে মোবাইলে কল করে হান্নানকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। পরে বুধবার সকালে পাশের একটি ব্রিক ফিল্ডের সঙ্গে পরিত্যক্ত ভবনে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ধামারাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহ বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। একটি মামলা দায়ের করা হবে।’







