টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনেকাটা পড়ে উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, কালিহাতী উপজেলার উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এসএম রোকুনুজ্জামান (৪৮)। তিনি ঘাটাইল উপজেলার রতনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। অপর ব্যক্তি মুন্সিগঞ্জ জেলার রবিন্দ্র চন্দ্র (৫২)।
কালিহাতী উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, ‘উপজেলার আনালিয়া বাড়িতে এক ব্যক্তির গরু অসুস্থ হওয়ার খবর পেয়ে বুধবার রাত ১১টার দিকে উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণি স্বাস্থ্য) রোকুনুজ্জামান রবিন্দ্র চন্দ্র নামে ওষুধ কোম্পানির সাবেক এক প্রতিনিধিকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে রওনা হন। হাতিয়া এলাকায় পৌঁছে ট্রেন লাইন পাড় হওয়ার সময় ট্রেনেকাটা পড়ে ঘটনাস্থলেই তারা নিহত হন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার আব্দুল মান্নান বলেন, ‘বুধবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি উপজেলার হাতিয়া এলাকায় পৌঁছালে ট্রেনেকাটা পড়ে দুইজন নিহত হয়েছে। খবরটি শুনে ঘটনাস্থলে উদ্ধারকর্মী পাঠালে সেখানে তারা কোনও লাশ পায়নি। ঘটনার পরপরই স্বজনরা তাদের লাশ নিয়ে গেছে।






