ময়মনসিংহের ফুলবাড়িয়ার সন্তোষপুর বনাঞ্চলে বিদ্যুতের তারে জড়িয়ে দগ্ধ তিন বানরকে চিকিৎসার জন্য গাজীপুরের শ্রীপুরে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে’ পাঠানো হয়েছে। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বন বিভাগের সহায়তায় শুক্রবার (১০ জানুয়ারি) রাতে সাফারি পার্ক কর্তৃপক্ষকে বানরগুলো হস্তান্তর করে। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক এ তথ্য জানান।
অসিম মল্লিক জানান, ফুলবাড়িয়ার সন্তোষপুর এলাকার সংরক্ষিত বনাঞ্চলের পাশ দিয়ে নতুন বিদ্যুতের সঞ্চালন লাইন স্থাপন করায় বনের বানরগুলো বিদ্যুতায়িত হয়ে আহত হচ্ছিল। বাংলা ট্রিবিউন ‘বনের ভিতর দিয়ে বিদ্যুতের তার, জীবনের ঝুঁকিতে ৩ শতাধিক বানর’ শীর্ষক খবর প্রকাশ করলে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বানরগুলোকে উদ্ধার করে চিকিৎসার নির্দেশ দেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিক ওই স্থান থেকে তিনটি বানরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য পার্কে হস্তান্তর করা হয়।
সাফারি পার্কের ভেটেরিনারি কর্মকর্তা হাতেম সাজ্জাদ জুলকার নাঈম জানান, পার্কের প্রাণী চিকিৎসাকেন্দ্রে বানরগুলোকে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধার করা বানরগুলোর অধিকাংশের শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে। ইতোমধ্যে চিকিৎসা শুরু হয়েছে।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার (মহাব্যবস্থাপক) মকবুল হোসেন জানান, বানরগুলোর নিরাপত্তার কথা ভেবে বিদ্যুৎ বিভাগও উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে বনাঞ্চলের প্রায় ৫০০ মিটার এলাকায় উম্মুক্ত বিদ্যুতের তার পরিবর্তন করে কাভার তার দেওয়া হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, বানরগুলো সুস্থ হয়ে উঠলে বনে ছেড়ে দেওয়া হবে।
উল্লেখ্য,ফুলবাড়িয়ার সন্তোষপুর বনাঞ্চলে পল্লী বিদ্যুৎ বিভাগ উন্মুক্ত বিদ্যুৎ লাইন স্থাপনের পর থেকে ক্রামাগত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হচ্ছে বানর। বৈদ্যুতিক তারে ঝলসে প্রায় তিন শতাধিক বানরের জীবন বিপন্নের মুখে।







