ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসবেন এটা দেশের জন্য সম্মানের, বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘ভারত স্বাধীনতা যুদ্ধে আমাদের এক কোটি মানুষকে খাবার দিয়েছে, আশ্রয় দিয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসবেন এটা আমাদের জন্য সম্মানের। মোদি অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন।’
শনিবার (৭ মার্চ) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় কৃষিমন্ত্রী বলেন, ‘১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করতে যাচ্ছি। সেটাকে ব্যর্থ করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। সম্প্রতি দিল্লিতে সংখ্যালঘু মুসলিমদের ওপর দুঃখজনক ঘটনা ঘটেছে। তার জন্য আমরা অবশ্যই ব্যথিত, আমরা অবশ্যই এটার নিন্দা জানাই।’
টাঙ্গাইল প্রেসক্লাবের ২০২০-২১ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সদস্যদের পরিচিতি সভার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান, টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম।






