রাজবাড়ীতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ১০ টাকা কেজি দরের চাল চুরি করে বিক্রি করার অপরাধে ছোরাপ শেখ নামে এক ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে সরকারি এই চাল ক্রয় করার অপরাধে দুই ক্রেতাকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিংগা নিজাতপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ছোরাপ শেখ সিংগা নিজাতপুর বাজারে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চালের অনুমোদিত ডিলার। শুক্রবার সকালে তিনি খাদ্যবান্ধব কর্মসূচির এক বস্তা চাল (৩০ কেজি) প্রকৃত কার্ডধারীকে বাদ দিয়ে চুরি করে স্থানীয় ছলিম সরদার নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেন। ছলিম সরদার সেই চাল নিয়ে বেশি দামে বিক্রি করেন সিংগা নিজাতপুর বাজারের মুদি দোকানি শহিদ খানের কাছে। শহিদ খান আরও বেশি দামে সেই চাল বিক্রির উদ্দেশ্যে দোকানে রাখেন। এই খবর পেয়ে আজ দুপুরে সিংগা নিজাতপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় দোকানি শহিদ খানকে সরকারি চালের বস্তা চড়া দামে এক হতদরিদ্র নারীর কাছে বিক্রি করার সময় হাতেনাতে ধরা হয় এবং চালের বস্তাটি জব্দ করা হয়। একইসঙ্গে ব্যক্তিগত স্বার্থে সরকারি সম্পদের অপব্যবহার করার দায়ে দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর ৩৯ ধারা অনুযায়ী ডিলার ছোরাপ শেখকে ৩০ হাজার, ক্রেতা ছলিম সরদারকে ৩ হাজার এবং দোকানি শহিদ খানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।







