নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বাড়িতে টিউবওয়েলের পানি পান করে একই পরিবারের ছয় জন সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বিষ মেশানো পানি পান করে তারা অসুস্থ হন বলে জানান চিকিৎসকরা। রবিবার (৩ মে) দুপুরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হলেন, ওই গ্রামের রমিজ উদ্দিনের ছেলে উজ্জ্বল (২৮), হাসিব (২২), মেয়ে মানসুরা (২৪) ও রুমি (১৮) এবং হাসিবের স্ত্রী রোমানা (১৮) ও রোমানার বড় বোন রহিমা (২৬)।
রমিজ উদ্দিন জানান, ভোরে বাড়ির টিউবওয়েলের পানি পান করে পরিবারের সদস্যরা। এরপর পরিবারের ছয় সদস্যের মধ্যে বিষক্রিয়া শুরু হয়। সন্দেহ হলে টিউবওয়েলের পানিতে বিষের গন্ধ পাওয়া যায়। পরে অসুস্থদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা বিষক্রিয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল কামাল জানান, হাসপাতালে নিয়ে আসার পর অবস্থা খারাপ হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, অসুস্থ ব্যক্তিরা সবাই বিষমিশ্রিত পানি পান করেছেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ধারণা করা হচ্ছে, কেউ শত্রুতা করে বিষ ওই বাড়ির টিউবওয়েলের ভিতরে ঢেলে দিয়েছে। যার কারণে পরিবারটির এতগুলো সদস্য অসুস্থ হয়ে পড়েছেন।'
তিনি আরও বলেন, 'অসুস্থরা ঢাকা মেডিক্যাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ইতোমধ্যে বাড়িতে ফিরে এসেছেন। তারা থানায় অভিযোগ দিয়েছেন। আমরা অভিযোগ গ্রহণ করেছি।'
তিনি বলেন, ‘বিষক্রিয়ায় তাদের মৃত্যুও হতে পারতো। আমরা গুরুত্ব দিয়ে দেখছি এবং যারা এর সঙ্গে জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।







