রাজধানীর গুলিস্তান ও বাবুবাজার সেতু এলাকায় রবিবার অভিযান পরিচালনা করে প্রায় চারশ অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েব। অভিযানে ডিএসসিসির কর্মকর্তাদের পাশাপাশি র্যাব ও পুলিশের ৫০ সদস্য উপস্থিত ছিলেন।
রবিবার দুপুরে গুলিস্তান গোলাপশাহ মাজার থেকে ম্যাজিস্ট্রেট নাজমুস শোয়েবের নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হয়। এরপর গুলিস্তান, ফ্লাইওভারের নিচের সড়ক, ঢাকা ট্রেড সেন্টারের সামনে রাস্তা ও ফুটপাতে বসানো ফল ও জুতার দোকানসহ সব ধরনের হকার উচ্ছেদ করা হয়। অভিযান চালানো হয় গুলিস্তান আন্ডারপাসে। সেখানে হাঁটার পথে মালামাল রাখার দায়ে চার দোকান মালিকের জরিমানা ও মালামাল জব্দ করা হয়।
কাজী বশীর মিলনায়ন (মহানগর নাট্যমঞ্চ) প্রাঙ্গণে অবৈধভাবে নির্মিত ঢাকা মহানগর আওয়ামী লীগের ১৩ নম্বর ওয়ার্ডের গুলিস্তান ইউনিট কার্যালয় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে সিটি করপোরেশনের আরেকটি দল বাবুবাজার ব্রিজ এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এর নেতৃত্ব দেন প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. খালিদ আহমেদ।
ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ বলেন, কয়েক সপ্তাহ আগে গুলিস্তান ও বাবুবাজার এলাকায় অভিযান চালানো হয়েছিল। কিন্তু তাতে পুরোপুরি কাজ না হওয়ায় আজ সব অবৈধ দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ডিএসসিসির ‘পরিচ্ছন্নতা বছর-২০১৬’ কর্মসূচির অংশ হিসেবে এ উচ্ছেদ অভিযান চালানো হয় বলে তিনি জানান। ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েব বলেন, গুলিস্তান এলাকায় ১৫ জনকে ৫১ হাজার ও বাবুবাজারে চারজনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
/ওএফ/এফএ/আপ-এআর/








