টিকায় দেশজুড়ে ব্যাপক সাড়া, অনেকেই পাননি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২১, ১৭:২৫আপডেট : ০৭ আগস্ট ২০২১, ২২:৩৩

করোনার সংক্রমণরোধে সারাদেশে চলছে গণটিকা কার্যক্রম। দেশের সব ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন এলাকায় শনিবার (০৭ আগস্ট) সকাল ৯টা থেকে গণটিকাদান কর্মসূচি শুরু হয়। বিভিন্ন জেলায় মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে গণটিকা কার্যক্রম। ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় টিকা নিতে আসা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এ অবস্থায় অনেকেই টিকা না পেয়ে ফিরে গেছেন। বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বৈরী আবহাওয়া ও ভারী বৃষ্টির কারণে কিছু কিছু কেন্দ্রে নির্ধারিত সময়ের অনেক পরে টিকা কার্যক্রম শুরু হয়। হাজারো মানুষ কেন্দ্রে এলেও প্রতি কেন্দ্রে ৬০০ জনকে টিকা দেওয়া হয়। জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, সরকারি নির্দেশনা মেনে জেলার ৭৮টি কেন্দ্রে টিকা কার্যক্রম চলেছে। সবাই লাইনে দাঁড়িয়ে টিকা নিয়েছেন।

গাজীপুর: মহানগর ও জেলার পাঁচ উপজেলায় একযোগে টিকা দেওয়া শুরু হয়। তবে কিছু কিছু কেন্দ্র ঘুরে দেখা যায়, অনেকেই এক থেকে দেড় ঘণ্টা লাইনে দাঁড়িয়েও টিকা না নিয়ে ফিরে গেছেন। দুপুরের পর বলা হয় টিকা শেষ। তখন অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।

চট্টগ্রাম: চট্টগ্রামে গণটিকা নিতে এসে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ওয়ার্ড কার্যালয়ের টোকেন ছাড়া মেলেনি করোনার টিকা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক বাংলা ট্রিবিউনকে বলেন, মায়ের টিকার জন্য সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করেছিলাম। ১৬ দিন হয়ে যাওয়ার পরও এসএমএস আসেনি। গণটিকার প্রথম দিন মাকে রহমানিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিয়ে যাই। সেখানে সুরক্ষা অ্যাপের নিবন্ধন ফরম দেখানোর পরও টিকা দেওয়া হয়নি। নগরীর ৭ নম্বর ওয়ার্ডের নাছিরাবাদ কেন্দ্রে এ ঘটনা ঘটে। শুধু এই কেন্দ্রে নয়, নগরীর অন্যান্য ওয়ার্ডেও একই অবস্থা দেখা গেছে।

কুমিল্লায় স্বাস্থ্যবিধি না মেনেই চলেছে টিকা কার্যক্রম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ৬১ হাজার ২০০ মানুষকে করোনার টিকা দেওয়া হবে। পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হুমায়ুন কবীর পৌর প্রাথমিক বিদ্যালয়ের টিকা কেন্দ্রে দেখা যায়, মানুষের উপচে পড়া ভিড়। একাধিক লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নারী-পুরুষ। পূর্ব পাইকপাড়ার বাসিন্দা বেবী রানি সাহা বলেন, সরকার ফ্রিতে টিকা দেওয়ার ব্যবস্থা করেছে, কখনও ভাবি করোনার টিকা ফ্রিতে পাবো। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ।

কক্সবাজার: কক্সবাজার জেলায় এয়ারপোর্ট পাবলিক হাই স্কুলে টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। এ সময় তিনি বলেন, টিকার সংকট নেই। জেলায় ২২৮টি বুথ রয়েছে। বুথগুলোতে ৪৫ হাজার ৬০০ মানুষকে টিকা দেওয়া হবে। আগামী ১৪ আগস্ট থেকে পর্যায়ক্রমে সবাই টিকা পাবেন। করোনা থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। ঘরেই থাকুন, বিশেষ প্রয়োজনে ঘর থেকে বের হলে মাস্ক ব্যবহার করুন।

ময়মনসিংহ: ময়মনসিংহ সিটি করপোরেশন, পৌরসভার ওয়ার্ড এবং জেলার ইউনিয়ন পর্যায়ে ২৬৯টি কেন্দ্রে গণটিকা দেওয়া হচ্ছে। সদরের ঘাগড়া ইউনিয়ন কেন্দ্রে টিকা নিতে আসা গৃহবধূ সালমা বলেন, আগে তো নিবন্ধন করে এসএমএস এলে টিকা দিয়েছে। এখন ঘরের কাছে সরকার টিকার ব্যবস্থা করায় খুব ভালো হয়েছে। খুব সহজে পরিচয়পত্র দেখিয়ে টিকা পেয়েছি। খুব সুন্দরভাবে গণটিকা কার্যক্রম চলছে বলে জানান সিটি কপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএচকে দেবনাথ। তিনি বলেন, সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি। মানুষের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। প্রতি টিকা কেন্দ্রে দীর্ঘ লাইন। এখন পর্যন্ত কোনও সমস্যা হয়নি। ছয় দিন কর্মসূচি চলবে। প্রতিটি কেন্দ্রে ৬০০ জনকে টিকা দেওয়া হবে।

ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় টিকা নিতে আসা নারীরা

বরিশাল: বরিশাল জেলা ও মহানগরীর ১৪১টি কেন্দ্রে একযোগে টিকা দেওয়া হচ্ছে। প্রতি কেন্দ্রে মানুষের ভিড় দেখা গেছে। টিকা দেওয়ার ক্ষেত্রে নগরীর চেয়ে এগিয়ে রয়েছে গ্রামগুলো। নগরীতে রেজিস্ট্রেশন করতে না পারা কাউকে টিকা দেওয়া হয়নি। তবে গ্রামে রেজিস্ট্রেশন না করেই জাতীয় পরিচয়পত্রের নম্বর লিখে রেখে টিকা দেওয়া হয়েছে। তবে অনেকেই টিকা না পেয়ে ফিরে গেছেন। টিকা না পেয়ে ফিরে যাওয়া ব্যক্তিরা বলছেন, কেউ এসএমএস পেয়ে আবার কেউ এসএমএস না পেয়েও টিকা নিতে এসেছেন। আবার কেউ আগে রেজিস্ট্রেশন না করেও জাতীয় পরিচয়পত্র নিয়ে কেন্দ্রে এসেছেন টিকা নিতে। সার্ভার সমস্যা করায় তাদের টিকা দেয়নি সিটি করপোরেশন। নগরীর নতুনবাজার ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে টিকা কার্যক্রম পরিদর্শন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এ সময় তিনি বলেন, নগরবাসীকে টিকার আওতায় আনতে সব ধরনের ব্যবস্থা করেছে সিটি করপোরেশন। জাতীয় পরিচয়পত্রসহ কাউন্সিলর কার্যালয়ে গিয়ে রেজিস্ট্রেশন করে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

ভোলা: সকালে বৃষ্টি উপেক্ষা করে টিকা নিতে কেন্দ্রে আসে মানুষ। বাংলাবাজার ফাতেমা খানম মা ও শিশু কল্যাণ কেন্দ্রে টিকা কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক তৌফিক-ইলাহী-চৌধুরী, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ও ভোলা সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান।

খুলনা: খুলনায় বৃষ্টি উপেক্ষা করে টিকাদান কেন্দ্রে এসেছে মানুষ। কেন্দ্রে মানুষের ভিড় ছিল। তবে মানা হয়নি স্বাস্থ্যবিধি। খুলনা জেলা ও মহানগরীর ৩০৭টি বুথে টিকা দেওয়া হচ্ছে। দিনভর বৃষ্টির মধ্যেই চলছিল টিকা কার্যক্রম। নগরীর ১৭, ১৮, ১৯, ২০, ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন কেন্দ্রে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ পাওয়া গেছে। টিকা নিতে আসা আব্দুল গফ্ফার বলেন, সকালে টিকা কেন্দ্রে এসেছি। কিন্তু স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে স্বেচ্ছাসেবকদের দায়িত্বপালন করতে দেখিনি। একে অন্যের গা ঘেঁষে লাইনে দাঁড়িয়েছেন। ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাফিজুর রহমান মনি বলেন, বৃষ্টির কারণে সবাইকে এক ভবনে আনার ফলে সামাজিক দূরত্ব নিশ্চিত করা যায়নি। এরপর পরিকল্পনা নিয়ে ফাঁকা জায়গায় টিকা দেওয়া হবে।

খুলনা মহানগরীর গিলাতলার রাস্তায় বৃষ্টি উপেক্ষা করে টিকা নেওয়ার অপেক্ষায় তারা

রংপুর: রংপুরে করোনার টিকার চাহিদার তুলনায় কম দেওয়ায় দুপুর ১২টার পর শেষ হয়ে গেছে। অনেকেই টিকা না পেয়ে ফিরে গেছেন। এ নিয়ে টিকা নিতে আসা মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। টিকার সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন নগরবাসী। সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডসহ জেলার ৮৩ ইউনিয়নের টিকা দেওয়া হচ্ছে। রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বলেন, সিটি করপোরেশন এলাকার ৩৩ ওয়ার্ডের প্রতিটিতে তিনটি করে বুথ স্থাপন করা হয়েছে। প্রতিটি বুথে আড়াইশ করে টিকা দেওয়া হয়েছে। কিন্তু চাহিদার চেয়ে টিকা কম। এ জন্য অনেকেই পায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

তিনি বলেন, প্রথম দিন সিটি করপোরেশন এলাকায় ২২ হাজার ২০০ জনকে মডার্নার টিকা এবং ইউনিয়ন পর্যায়ে সিনোফার্মের ৪৩ হাজার ২০০ টিকা দেওয়া হয়েছে। প্রতি ওয়ার্ডে সাড়ে সাতশ এবং ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ডগুলোতে ৬০০ করে টিকা দেওয়া হয়েছে। তবে টিকা নেওয়ার ব্যাপারে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।

নীলফামারী: জেলার ৬০টি ইউনিয়ন ও চার পৌরসভায় ১০২টি কেন্দ্রে ৪১ হাজার ৪০০ জনকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নিয়ে কার্যক্রম শুরু হয়। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় টিকা নিতে এসে ফিরে গেছেন অনেকেই। সদরের রামনগর ইউনিয়নের বাহালী পাড়া গ্রামের মমিনা বেগম (৫৮) বলেন, ‘বাড়ির কাছোত টিকা পায়া খুশি নাগেছে। মুই অসুস্থ মানুষ। টিকা নিবার ইচ্ছা থাকিলেও দুরোত যাবার পাও নাই। এলা বাড়ির কাছোত টিকা নিয়া মোক খুশি নাগেছে বাহে।’

দিনাজপুরে টিকা নিতে আসা মানুষের মাঝে স্বাস্থ্যবিধির বালাই ছিল না

দিনাজপুর: হিলির টিকা কেন্দ্রগুলোতে প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে। সকাল সাড়ে ৯টায় বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ। টিকা নিতে আসা মো. মাসুদ বাংলা ট্রিবিউনকে বলেন, গতকাল টিকার জন্য আবেদন করেছি। আজ টিকা দিয়েছি। কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আগে যে ভয় ছিল তা কেটে গেছে।

পঞ্চগড়: জেলার পাঁচ উপজেলার ৪৩টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় একযোগে টিকা কার্যক্রম চলছে। তবে কয়েকটি ইউনিয়নের কেন্দ্রে টিকা গ্রহণকারী ও বিতরণকারীরা স্বাস্থ্যবিধি মানেননি। জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সিভিল সার্জন ডা. ফজলুর রহমান প্রতিটি কেন্দ্রের টিকাদান কার্যক্রম পরিদর্শন করেছেন।

বগুড়া: জেলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকেই বুথগুলোতে মানুষের ভিড় ছিল। শহরের করোনেশন ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ বুথে টিকা কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউল হক। কোথাও অব্যবস্থাপনার খবর পাননি তিনি।

নাটোর: জেলার বিভিন্ন টিকা কেন্দ্রে মানুষের ভিড় দেখা গেছে। তবে দুপুর ১২টার আগেই ২০০ টিকা ফুরিয়ে যায়। অনেকেই টিকা না পেয়ে ফিরে গেছেন। এ নিয়ে টিকা প্রত্যাশীদের মাঝে দেখা দেয় অসন্তোষ। সদরের দিঘাপতিয়া ইউনিয়নের শিব্দুরগ্রাম প্রাথমিক বিদ্যালয়, হরিশপুর ইউনিয়নের শের-ই-বাংলা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্রে এই চিত্র দেখা গেছে। দিঘাপতিয়া ছোট হরিশপুর এলাকার বাসিন্দা মো. সালাম বলেন, সকাল থেকে শিব্দুরগ্রাম প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ছিলাম। ১২টার আগেই বুথ থেকে জানানো হয়, টিকা শেষ। এ অবস্থায় শত শত মানুষ টিকা না দিয়ে বাড়ি ফিরেছে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান