মাদারীপুরের কালকিনি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।
শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ৭টায় উপজেলার পূর্ব এনায়েতনগরে এই ঘটনা ঘটে। এতে ১০ জন আহতের খবর পাওয়া গেছে। তাদেরকে বরিশাল, শরীয়তপুর ও কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব এনায়েতনগর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আপাং কাজীর গ্রুপ ও কবির খানের মধ্যে বিরোধ চলে আসছিল। গত ২৮ জুলাই আপাং কাজীর দুই সমর্থককে কুপিয়ে জখম করে কবির খানের লোকজন। কয়েক দিন পরই কবিরের ভাই মিরাজ হোসেনের পা বিচ্ছিন্ন করে নিয়ে যায় আপাংয়ের লোক। পরে মিরাজের ভাই কবির থানায় মামলা করেন। এতে আপাং কাজীসহ ৩৫ জনের নামে ও অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করা হয়। আসামিদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
পরে পুলিশ আসামিদের গ্রেফতারে ওই এলাকায় অভিযান চালায় এতে ক্ষিপ্ত হয়ে ১৪ ডিসেম্বর বাদীর চাচা একই এলাকার তিতাই খানের ছেলে লিয়াকত খানের দুই পা হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে দেয় আসামিরা। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর থেকেই উভয় পক্ষের লোকজনের সঙ্গে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে আজ ভোর থেকে দফায় দফায় সংঘর্ষ ঘটে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল জানান, ভোরে সংঘর্ষের খবর পেয়েই পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।









