টাঙ্গাইলের করটিয়ায় একটি গেস্ট হাউজে দুই ব্যক্তিকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ ডিসেম্বর) সকালে করটিয়ার সা'দত বাজারের খান কমিউনিটি সেন্টার অ্যান্ড গেস্ট হাউজে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী একজনের নাম সাদ্দাম হোসেন। তিনি ময়মনসিংহের ফুলপুর উপজেলার তিতপুর গ্রামের ফজল হকের ছেলে। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
সাদ্দাম হোসেন বলে, আমি ঢাকায় প্রাইভেটকার চালাই। গত বৃহস্পতিবার তিনি একজনের সঙ্গে করটিয়ায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে আসেন। পরে আমাকে খান কমিউনিটি সেন্টার অ্যান্ড গেস্ট হাউজে থাকতে দেন। সেখানে দুই রাত ভালোভাবেই কেটেছে। কিন্তু শনিবার সকালে এক ব্যক্তি এসে আমাকে একটি রুমে ডেকে নিয়ে যান। পরে আরও দুই জন এসে মুখে স্কচটেপ ও রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলে। ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে আমাকে একটি টয়লেটে আটকে রেখে চলে যায়। এ সময় আরও একজনকে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয় তারা। প্রায় দেড় ঘণ্টা পর একজন এসে আমাকে উদ্ধার করে।
তিনি আরও বলেন, এ ঘটনায় গেস্ট হাউজের কেউ জড়িত থাকতে পারে। শুনেছি তাদের সিসিটিভি ক্যামেরাও বন্ধ ছিল। বিষয়টি কর্তৃপক্ষকে জানালে তারা কোনও কর্ণপাত করেনি। বিষয়টি কাউকে জানাতে নিষেধ করেন। এ জন্য আমি পুলিশকে অবহিত করিনি।
খান কমিউনিটির ম্যানেজার সম্রাট বলেন, ঘটনার সময় আমি দায়িত্বে ছিলাম না। তখন আকাশ নামে একজন দায়িত্বে ছিল। গেস্ট হাউজের মালিক হামিদুর রহমান খান পাশাপাশি কাপড়ের ব্যবসাও করেন। এ জন্য ম্যানেজার আকাশ ভোরে কাপড় নিয়ে বের হন। এরপর সকাল ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে। পরে তারা দুটি রুমে দুই জনকে হাত-পা বেঁধে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এ সময় তারা সিসিটিভি ক্যামেরাটি বন্ধ করে দেয়। বিষয়টি পুলিশকে অবগত করা হয়েছে কি-না মালিক জানে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ-খবর নেওয়া হচ্ছে।







