সরকারের উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘একটা স্বচ্ছ নির্বাচন দিয়ে দেখেন, ক্ষমতা ছেড়ে দেখেন জনগণ কাকে বেছে নেয়। দিনে ভোট করতেও ভয় পান আপনারা। এ কারণে ২০১৮ সালে রাতে ভোট করেছেন। ২০১৪ সালে ভোট কেন্দ্রে কোনও লোক যায়নি। এসব পদ্ধতি অবলম্বন করে ক্ষমতায় টিকে আছেন।’
শনিবার (৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জের পঞ্চবটিতে জেলা যুবদলের উদ্যোগে দরিদ্রদের মাঝে সেলাই মেশিন, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
টুস করে ফেলে দেওয়ার সিদ্ধান্ত জনগণ নেবে উল্লেখ করে রিজভী বলেন, ‘আপনি (প্রধানমন্ত্রী) সাবেক প্রধানমন্ত্রীকে নাকি টুস করে ফেলে দেবেন। গায়ের জোরে কথা বলেন, ক্ষমতার জোর দেখিয়ে যে কথাগুলো বলেন, তা শুনে মানুষ হাসে।’
তিনি আরও বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজার থেকে সয়াবিন তেল নেই। পেঁয়াজ, কাঁচা মরিচের দাম বেড়েছে। ডলারের দাম বেড়েছে। আশপাশের অন্য কোনও দেশে তেলের দাম বাড়লো না, চালের দাম বাড়লো না। কিন্তু দেশে হঠাৎ করে দাম বেড়ে গেলো। এটা বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট মাফিয়াদের কারসাজি। বাজার সিন্ডিকেটের হোতারা সব আওয়ামী লীগের লোক, মাফিয়ারা সব আওয়ামী লীগের লোক। তারা সরকারের মন্ত্রীদের সঙ্গে টাকা ভাগাভাগি করে হরিলুট করছেন। আর দেশের সাধারণ মানুষ ও নিম্নবিত্ত মানুষরা ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করছে।’









