নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে নির্মাণাধীন ভবনে গ্যাসের পাইপ ফেটে লাগা আগুন ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে ৭টায় সেখানে আগুন লাগে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে। বিকাল সাড়ে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইপিজেডের ভেতরে একটি কারখানার পাশে নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ করার সময়ে তিতাস গ্যাসের পাইপ ফেটে এ ঘটনা ঘটে। বেলা পৌনে ১১টার দিকে আগুনের তীব্রতা বেড়ে যায়। বিকালে আগুনের তীব্রতা কমে আসে। এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে। শুধু ধোঁয়া বের হচ্ছে। এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা নেই।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন নিয়ন্ত্রণে ৯টি ইউনিট কাজ করেছে। বিকাল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়। তবে কয়েকটি বৈদ্যুতিক খুঁটি আগুনে পুড়েছে। তদন্তে সব বেরিয়ে আসবে।









