নারায়ণগঞ্জের আড়াইহাজারে কেমিক্যাল ফ্যাক্টরিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২ ইউনিট প্রায় চার ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, দুপুর দেড়টায় উপজেলার দুপ্তারা এলাকায় এসপি কেমিক্যাল ফ্যাক্টরিতে এ আগুন লাগে। ক্রমশ বাড়তে থাকে আগুনের তীব্রতা।
ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের সহকারী উপপরিচালক ফখর উদ্দিন আহমেদ বলেন, দুপুরে আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জসহ আশপাশের জেলার ফায়ার সার্ভিসের একাধিক টিম এসে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে পরে বলা সম্ভব হবে।








