নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সাদিয়া আক্তার (১৪) নামে কিশোরী গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, যৌতুকের টাকা না দেওয়ায় স্বামী ও শাশুড়ি মিলে মাদ্রাসা ছাত্রী সাদিয়াকে শ্বাসরোধ করে হত্যা করেছে।
বুধবার সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে পুলিশ সাদিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশ সাদিয়ার শাশুড়ি শাহনাজ বেগমকে (৪০) আটক করেছে। পলাতক রয়েছে স্বামী।
সাদিয়া আক্তার বন্দরের সালেহনগর এলাকার মনির হোসেনের মেয়ে।
সাদিয়ার মা রুমা বেগম জানান, প্রেমের সম্পর্কের কারণে সালেহনগর এলাকার কালু মিয়ার ছেলে শফিক মিয়ার সঙ্গে এক মাস আগে সাদিয়ার বিয়ে হয়। সাদিয়া স্থানীয় একটি মাদ্রাসায় পড়তো। বিয়ের পর এখন পর্যন্ত নগদ ৭০ হাজার টাকা ও একটি দামি মোবাইল দেওয়া হয়েছে। মঙ্গলবার তার শাশুড়ি যৌতুক হিসেবে আরও ৫ হাজার টাকা দাবি করে। মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে শ্বশুরবাড়ির লোকজন সাদিয়াকে হাসপাতালে এনে রেখে পালিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা ইয়াসমিন জানান, সাদিয়ার গলায় দাগ রয়েছে।
বন্দর থানার ওসি আবুল কালাম জানান, এ ঘটনায় নিহতের শাশুড়ি শাহনাজ বেগমকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে।
/বিটি/এফএস/








