মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি যাত্রীবাহী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী।রবিবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার দড়িবাউশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুমিল্লার দাউদকান্দি উপজেলার রতন চন্দ্র দাস (৩০), তার শ্যালিকা কাজল রানী দাস (১৬) এবং প্রাইভেটকারচালক সজল দাস (২৪)।
এ ঘটনায় আহত শীতল চন্দ্র দাস (৫০) ও চিত্তরঞ্জন দাসকে (৩৫)হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দুজনেই নিহত কাজল রানীর মামা।
ভবেরচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. কামরুজ্জামান রাজ জানান, নারায়নগঞ্জের ফতুল্লা থেকে প্রাইভেটকারে রতন চন্দ্র দাস তার স্বজনদের নিয়ে দেশের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে যাচ্ছিলেন। পথে বেলা ১১টার দিকে দড়িবাউশিয়া এলাকায় পৌঁছালে প্রাইভেটকার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মহাসড়কের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেটকারটি উল্টে যায়। এতে গাড়ির ভেতরে থাকা কাজল রানী দাস ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত রতন চন্দ্র দাস ও প্রাইভেটকার চালক সজল দাসকে ভরেবচর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে বেলা ১২টার দিকে তাদের মৃত্যু হয়।
তিনি আরও জানান, লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। মহাসড়কটিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
/বিটি/এসএম/








