গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নান জামিনে মুক্তি পেয়েছেন। রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন মেয়র জামিন পাওয়া পর বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতাল থেকে নিজ বাড়িতে চলে যান।
অধ্যাপক এম এ মান্নানের আইনজীবী গাজীপুর বারের সভাপতি ড. শহিদউজ্জামান জানান, ২২টি মামলায় মান্নান উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।
ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনিসহ নানা রোগে আক্রান্ত অধ্যাপক এম এ মান্নানকে গত বছর ২১মে চিকিৎসকের পরামর্শে কাশিমপুর কারাগার থেকে বারডেমে ভর্তি করা হয়। মুক্তি লাভের আগ পর্যন্ত তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গত বছর ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলার মামলায় ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র মান্নান ঢাকার ডিওএসএইচ (বারিধারা) বাসভবন থেকে গ্রেফতার হন। তিনি গ্রেফতার হওয়ায় ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। পরে ওই বছরের আগস্টে মান্নানকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। ইতোমধ্যে দুইটি মামলায় তার নামে চার্জশিট দাখিল হয়েছে।
/বিটি/এসটি/








