মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশের ছোড়া গুলিতে বিদ্ধ হয়েছেন এক অটোচালক। ঘটনাটি ঘটেছে রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুর শহরের পুরান বাসস্ট্যান্ড এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরে ছাত্রলীগের রাজনীতি দুইভাগে বিভক্ত। একাংশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের অনুসারী। অপর অংশ একই দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য শাজাহান খানের অনুসারী। এই গ্রুপিং দ্বন্দ্বের জের ধরেই বাহাউদ্দিন নাছিমের অনুসারী সুমন কাজীর সঙ্গে শাজাহান খানের অনুসারী সজিব সরদারের হাতাহাতি হয়। এর জেরেই শহরের পুরান বাস স্ট্যান্ড এলাকায় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এতে দুই গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের মাদরীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। রাবার বুলেটে সোহাগ তালুকদার নামে এক অটোচালক গুলিবিদ্ধ হন। আহত অটোচালক মাদারীপুর শহরের ফারুক সড়কের দেলোয়ার তালুকদারের ছেলে। এ ছাড়াও শাজাহান খানের অনুসারী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষার হাওলাদারসহ উভয় পক্ষের আরও আট জন আহত হয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান মাদারীপুর-২ আসনের ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম ঢাকা-৮ আসনের সংসদ সদস্য। এই দুই নেতার সঙ্গে দীর্ঘদিন থেকেই রাজনৈতিক বিরোধ চলে আসছে। এর জেরেই দুই নেতার অনুসারীরা বিভক্ত। বাহাউদ্দিন নাছিমের অনুসারী সুমন কাজী মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং শাজাহান খানের অনুসারী সজিব সরদার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
নাম প্রকাশ না করা শর্তে এক প্রত্যক্ষদর্শী জানান, গণ্ডগোল করছে সজিব সরদার ও সুমন কাজী। এরা দুই জন দুই গ্রুপের অনুসারী। এদের কারণেই এক অটোচালক গুলিবিদ্ধ হয়েছে।
গুলিবিদ্ধ অটোচালক সোহাগ তালুকদার বলেন, ‘আমি রাস্তায় দাঁড়ানো ছিলাম। হঠাৎ আমার গায়ে গুলি লাগে।
এ বিষয়ে ছাত্রলীগের দুই নেতার সঙ্গে যোগাযোগ করতে তাদের মোবাইলে ফোন দিলেও তারা ফোন রিসিভ করেননি।
মাদারীপুর সদর থানার ওসি সালাহ উদ্দিন বলেন, দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।









