জেলার শ্রীনগরে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক ভোরের কাগজের অধীর রাজবংশী ও দৈনিক রূপবাণী পত্রিকার মীর রাতুলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে হামলার ঘটনার সঙ্গে জড়িত যুবলীগ কর্মীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মুন্সীগঞ্জ ও শ্রীনগর উপজেলা সদরে মৌন মিছিল, মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
রবিবার দুপুর ১২ টার দিকে শ্রীনগর উপজেলা পরিষদের সামনে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়। এর আগে সাংবাদিকরা শ্রীনগর প্রেসক্লাব থেকে একটি মৌন মিছিল নিয়ে উপজেলা পরিষদের সামনে এসে জড়ো হন। দুপুরে মুন্সীগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন সড়কে স্থানীয় সংবাদকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
জানা গেছে, শনিবার বিকালে উপজেলা যুব লীগের যুগ্ম সম্পাদক জুয়েল লস্কর ও দেউলভোগ এলাকার পারভেজের ছেলে ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক প্রিন্স ও উপজেলা ছাত্রলীগ নেতা রুবেল জয়ের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি সন্ত্রাসী দল শ্রীনগর সদর ইউনিয়নের বিএনপির বিদ্রোহী প্রার্থী (সদস্য, যুবদল কেন্দ্রীয় কমিটি) উপজেলা পরিষদ সংলগ্ন তাজুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে।
এ ঘটনার সংবাদ সংগ্রহ ও ছবি তোলার সময় সাংবাদিক অধীর রাজবংশী ও মীর রাতুলের ওপর যুবলীগ কর্মীরা হামলা চালিয়ে তাদের গুরুতর আহত করেন। সংকটাপন্ন অবস্থায় মীর রাতুলকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ও অধীরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। এসময় যুবলীগ কর্মীরা সাংবাদিকদের মোটর সাইকেল এবং ক্যামেরা ভাঙচুর করেন।
এ ঘটনায় সাংবাদিক অধীর রাজবংশী রবিবার সকালে চারজনকে এজাহারনামীয় ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে শ্রীনগর থানায় মামলা দায়ের করেছেন।
/এইচকে/








