ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের দীঘলকান্দা গ্রামের চাঞ্চল্যকর লুৎফর হত্যা মামলার সাক্ষীদের ওপর আসামিদের অতর্কিত হামলায় ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মঙ্গলবার সকালে ওই গ্রামের সাক্ষীদের বাড়ির পাশে একটি ফসলি জমির মধ্যে এ হামলার ঘটনা ঘটে। ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহতদের মধ্যে লুৎফর হত্যা মামলার বাদীর চাচা বাদশাহ মেম্বারের ছেলে আজাদ (২৫), মেয়ে বিউটি আক্তার (৪০), আব্দুল মান্নান মুন্সী (৬৫), সুমন (২২), গোলাম মাওলা (৩৫), বাহাদুর (২৫) ও শাহিনকে (৩২) ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ফরিদপুর মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আসামি পক্ষের সোহরাব (২৪) নামে একজন আহত হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৯ জানুয়ারি গ্রামের প্রতিপক্ষ এমারত মাতুব্বর পক্ষের লোকজনের হাতে কৃষক লুৎফর রহমান জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে খুন হয়। সে দিনই নিহতের চাচা বাদশাহ মেম্বার বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ নিয়ে দীর্ঘদিন ধরে দু’পক্ষের মধ্যে একাধিক মামলা-হামলার ঘটনাও ঘটে। ইতোমধ্যে হত্যা মামলার সকল আসামিরা জামিনে মুক্তি পেয়ে মঙ্গলবার সকালে সংঘবদ্ধ হয়ে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে।
ওসি মিজানুর বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
/এআর/টিএন/








