টানা তিন দিন টিএনজেড-এর ছয় কারখানা শ্রমিকদের বিক্ষোভ চলার পর সোমবার রাত ১০টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। গাজীপুর ট্রাফিক পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’
গাজীপুর শিল্পপুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, ‘সেপ্টেম্বর মাসের বেতন আগামী রবিবার দেবে। অক্টোবর মাসের বেতন চলতি মাসের ৩০ তারিখের মধ্যেই দিয়ে দেবে। এ চুক্তিতে শ্রমিকরা সড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন।’
প্রসঙ্গত, গাজীপুর নগরের মালেকের বাড়ি এলাকায় বকেয়া বেতনের দাবিতে টিএনজেড অ্যাপারেলসের শ্রমিকরা আজ সোমবার (১১ নভেম্বর) দুপুরে ৫৩ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছিলেন। তবে দুই ঘণ্টা পর বিকেল ৪টার দিকে আবারও তারা মহাসড়ক অবরোধ কর্মসূচি শুরু করেন।
কারখানার শ্রমিকরা জানান, এর আগেও তাদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বেতন পাননি। তাদের অ্যাকাউন্টে যখন টাকা আসবে, ঠিক তখনই কর্মসূচি প্রত্যাহার করা হবে।
কারখানার শ্রমিক ও শিল্পপুলিশ জানায়, গাজীপুরের মোগরখাল এলাকায় টিএনজেড অ্যাপারেলসের ছয়টি কারখানা আছে। এসব কারখানায় প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেন। তিন মাস ধরে শ্রমিকেরা বেতন পাচ্ছেন না। এর আগে শ্রমিকেরা বেতনের দাবিতে কয়েক দফা আন্দোলন করলে সে সময় শিল্পপুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেতন পরিশোধ করার আশ্বাস দেন। এতে শ্রমিকেরা কাজে ফিরে যান।
কিন্তু পরপর কয়েক দফা বেতন পরিশোধের দিন-তারিখ দিলেও কারখানা কর্তৃপক্ষ তাদের বেতন পরিশোধ করেনি। পরে গত শনিবার সকাল পৌনে ৯টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।








