ভৈরবে নানা আয়োজনে রবিবার প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। পরে মরহুমের আত্মার শান্তি কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিল শেষে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা জিল্লুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

২০১৩ সালের এই দিনে (২০ মার্চ) অসুস্থ অবস্থায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ভাষা সৈনিক, বঙ্গবন্ধুর সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সর্বজন শ্রদ্ধেয় বর্ষীয়ান এই নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভৈরবসহ তার ঢাকার গুলশানস্থ বাসভবনে দোয়া, মিলাদ ও কোরআন খতমের আয়োজন করা হয়। ভৈরব উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে রবিবার বিকেলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া সরকারিভাবেও বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি জিল্লুর রহমান দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। তবে মেয়াদ পার হওয়ার আগেই তিনি অসুস্থ হয়ে মারা যান। ১৯২৯ সালের ৯ মার্চ তিনি ভৈরব শহরের ভৈরবপুর এলাকার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা মেহের আলী মিয়া ছিলেন প্রখ্যাত আইনজীবী।
বর্ণাঢ্য জীবনে তিনি জাতির জনক বঙ্গবন্ধুর সঙ্গে রাজনৈতিক সহচর ছিলেন। ১৯৪৫ সালে তিনি ভৈরব কে.বি. হাইস্কুল থেকে মেট্রিক পাস করেন। ১৯৫৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্সসহ এলএলবি ডিগ্রি লাভ করেন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনসহ বঙ্গবন্ধুর সঙ্গে সব লড়াই, সংগ্রাম ও আন্দোলনে তিনি অংশগ্রহণ করেন।
/জেবি/টিএন/







