পরিবেশ দূষণের অভিযোগে নারায়ণগঞ্জের তিনটি কারখানাকে অর্ধকোটি টাকা অর্থদণ্ড করেছে পরিবেশ অধিদফতর। বৃহস্পতিবার পরিবেশ অধিদফতরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) একেএম মিজানুর রহমান এসব কারখানা মালিককে তলব করে এ অর্থদণ্ড করেন।

রূপগঞ্জ এলাকার বানিয়াপাড়া এলাকার ডহরগাঁও এলাকার নারায়ণগঞ্জের থ্রি স্টার ডাইং (থ্রি-স্টার ফেব্রিক্স (প্রাইভেট) লিমিটেডকে ৪৭লাখ ৪৩ হাজার টাকা, আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়নের তিনগাঁও এলাকার আল বারাকা ওয়াশিংকে (আল ফজল ওয়াশিং) ২লাখ ৫৬ হাজার এবং আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়নের নাগরপাড়া এলাকার অনি ডাইং এন্ড ইউসুফ আলী টেক্সটাইলকে ৩৩ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়।
পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. মোজাহিদুর রহমান প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোপূর্বে নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এনফোর্সমেন্ট উইং এসব কারখানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে কারখানাগুলো তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ব্যতীত পরিচালনা করতে দেখা যায়।
পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় ক্ষতিপূরণ ধার্যকৃত প্রতিষ্ঠানগুলোকে নোটিশের মাধ্যমে পরিবেশ অধিদফতরের সদর দফতরে এনফোর্সমেন্ট উইং এ তলব করে শুনানি গ্রহণ করা হয়।
/এনএস/টিএন/








