বিকেএমইএ সভাপতিকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায়

এনসিপির এমপি দুই ঘণ্টা অবরুদ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ মার্চ ২০২৬, ২১:০১ আপডেট : ০৩ মার্চ ২০২৬, ২১:০২

নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলে এক অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে উদ্দেশ্য করে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। প্রায় দুই ঘণ্টা পর তাকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় জামায়াতের পেশাজীবী ফোরামের জেলা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে ইফতারের আগমুহূর্তে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টা পর্যন্ত বিসিকের এক নম্বর গেট এলাকার একটি পোশাক কারখানার ভেতর অবরুদ্ধ করে রাখা হয় আব্দুল্লাহ আল আমিনকে। কারখানাটির বাইরে হাতেমের অনুসারী ব্যবসায়ী ও শ্রমিকরা অবস্থান নিয়েছিলেন। পুলিশ রাত ৮টা ৫ মিনিটে আব্দুল্লাহ আল আমিনকে উদ্ধার করে গাড়িতে তুলে নিরাপদে নিয়ে যায় পুলিশ। কারখানাটির বাইরে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাসেল মাহমুদকেও তার অনুসারীদের নিয়ে অবস্থান করতে দেখা গেছে।

অবস্থান নেওয়া ব্যবসায়ীদের মধ্যে বিসিক মালিক সমিতির পরিচালক কবির হোসেন ভূঁইয়া বলেন, ‘আমরা জামায়াতের দাওয়াতে এসেছি। অনুষ্ঠানে এমপি কাকে ফ্যাসিস্টের দোসর বলেছেন, তা আমরা জানতে চাই। আমরা সে কারণে অবস্থান নিয়ে আছি।’ তবে স্বেচ্ছাসেবক দলের রাসেল গণমাধ্যমে কথা বলতে চাননি।

পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের নেতৃত্বে ফতুল্লা থানা পুলিশ বিসিকে অবস্থান নেন। এমপিকে অবরুদ্ধ করে রাখা ভবনটিতে কাউকে প্রবেশ করতে দেয়নি পুলিশ।

এরই মধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যায়, ইফতার মাহফিলের মঞ্চে বসে আসেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম। তার পাশে অন্য অতিথিরা বসে আছেন। তবে ইফতারের ঠিক কিছু সময় আগে অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। তিনি বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমকে উদ্দেশ্য করে বলেন, ‘ফ্যাসিস্টের দোসর এখানে থাকার কারণে আমি এখানে বসতে পারছি না, আমি দুঃখিত। কিন্তু আমি আমার আঙ্কেলের সম্মানে এখানে এসেছি। আমি সবার কাছে দোয়া চাই।’ 

প্রায় দুই ঘণ্টা পর তাকে উদ্ধার করেছে পুলিশ

এ কথা শুনে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম ওই স্থান ত্যাগ করেন। এতে তার অনুসারী ও ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে সংসদ সদস্য আল আমিনকে অবরুদ্ধ করে রাখেন ও বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জুলাই আন্দোলনের সময়ে হাতেমের ভূমিকার কথা সবাই জানে। বিগত আওয়ামী লীগ সরকার আমলে তিনি কী কী করেছেন, তা আমাদের সবার জানা আছে। আজ ইফতার অনুষ্ঠাতে আমাকে ও বিকেএমইএর সভাপতি হাতেমকে আমন্ত্রণ করা হয়। সেখানে তাকে ফ্যাসিস্টের দোসর বলে সম্বোধন করে মঞ্চে যেতে রাজি হইনি। এতে তার লোকজন আমাকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ গিয়ে প্রায় দুই ঘণ্টা পর আমাদের উদ্ধার করেছে।’

এ ঘটনায় কোনও আইনি ব্যবস্থা গ্রহণ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ ব্যাপারে জানতে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এমপিকে সেখানে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। পুলিশ গিয়ে উদ্ধার করে নিয়ে এসেছে। এখন পরিস্থিতি শান্ত আছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

/এএম/ 
সম্পর্কিত
জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে নাঈম-ইমরান
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের অপেক্ষায় দেশবাসী: নাহিদ ইসলাম
সমস্যা হলো স্বরাষ্ট্রমন্ত্রীর, গুলি কেন খেলেন ইশরাক ভাই: প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর
সর্বশেষ খবর
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে এক নোটিশে ছাঁটাই ৭৩৯ শ্রমিক-কর্মচারী
কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে এক নোটিশে ছাঁটাই ৭৩৯ শ্রমিক-কর্মচারী
‘দোকানদাররা বলে দাম কমেছে, কিন্তু কীভাবে বা কতটুকু কমে আমরা বুঝতে পারি না’
‘দোকানদাররা বলে দাম কমেছে, কিন্তু কীভাবে বা কতটুকু কমে আমরা বুঝতে পারি না’
‘ঘুম ভাঙলো বিকট শব্দে, চোখ খুলেই দেখি পাশে চার লাশ’
‘ঘুম ভাঙলো বিকট শব্দে, চোখ খুলেই দেখি পাশে চার লাশ’
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির