অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা

আরিফুল ইসলাম সাব্বির, সাভার
২৬ মার্চ ২০২৬, ১৯:৪৮আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১৯:৪৮

‘যখন যুদ্ধে গিয়েছিলাম, ভেবেছিলাম নিজেদের দেশ হবে, নিজেদের গণতান্ত্রিক শাসন হবে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার বাস্তবায়ন হবে। ৫৫ বছর কেটে গেলো, এখনও সেই আশায় বেঁচে আছি। পেছনে তাকালে মনে হয় এখনও শূন্যেই দাঁড়িয়ে আছি, নতুন করে শুরু করতে হবে। তবে তরুণ প্রজন্ম দেখিয়ে দিয়েছে, এবার আমরা পারবো।’ হতাশা আর এক বুক প্রত্যাশা নিয়ে এভাবেই নিজের মনোভাব তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। স্বাধীনতা দিবস পালন করতে জাতীয় স্মৃতিসৌধে এসেছিলেন।

শুধু আব্দুর রহমান নন, দিনব্যাপী উদযাপনের ক্ষণে ক্ষণে শ্রদ্ধা জানাতে আসা নানা বয়সী ও শ্রেণিপেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবার মধ্যেই যেন এক সুর, পেছনের হতাশা, আক্ষেপ ছাপিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার। দিনভর বর্ণিলভাবে মহান স্বাধীনতা দিবস পালনের সঙ্গে সঙ্গে নিজেদের মনোভাব তুলে ধরেন অনেকে।

জাতীয় পার্টির মিছিলে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির হামলা, তিন সন্তানকে নিয়ে আওয়ামী লীগের পক্ষে ফুল দিতে আসা আর ফোন চোরকে ধাওয়া করে পেটানোর কিছু বিচ্ছিন্ন ঘটনাও ঘটে। প্রথমবার শ্রদ্ধা জানাতে আসে জামায়াতে ইসলামী, আর এই ঘটনাকে লজ্জা উল্লেখ করে দেওয়া হয় স্লোগান।

বৃহস্পতিবার সকালে প্রথম প্রহরে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। তাদের রাষ্ট্রীয় সালাম জানায় বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল। বিউগলে বেজে ওঠে করুণ সুর। রাষ্ট্রের শীর্ষ দুই ব্যক্তির শ্রদ্ধার পর শ্রদ্ধা জানান রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

ত্রয়োদশ জাতীয় সংসদ যাত্রা শুরুর পর প্রথমবার জাতীয় স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত ও এনসিপির শীর্ষ নেতারা। বেদির সামনে গিয়ে মোনাজাত করেন জামায়াত নেতারা। উপস্থিত ছিলেন যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলাম। বেদি ত্যাগ করার পর জামায়াত আমির এই আগমনকে ব্যাখ্যা করে বলেন, ‘আমরা একটা নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি। এটি রাষ্ট্রের একটা সর্বোচ্চ আচার, সকলের মতো আমরা শ্রদ্ধা জানাতে এসেছিলাম।’

জনতার ঢল স্মৃতিসৌধে

রাষ্ট্র ও সরকার প্রধানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা জানানোর পর স্মৃতিসৌধ সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এ সময় জাতীয় স্মৃতিসৌধে নামে জনতার ঢল। লাল-সবুজের পতাকা হাতে শিশু থেকে বৃদ্ধ সব বয়সীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। আসে রাজনৈতিক, অরাজনৈতিক, সরকারি, বেসরকারি, সামাজিকসহ নানা সংগঠন ও প্রতিষ্ঠানের খণ্ড খণ্ড মিছিল। তাদের দেওয়া নানা ধরনের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সমাধি চত্বর। ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানান তারা। অনেককেই দেখা গেছে দেশাত্মবোধক গানের সঙ্গে কণ্ঠ মেলাতে। শহীদদের প্রতি সম্মান জানাতে তাদের হাতে ছিল নানা রঙের ফুল। অনেকে শ্রদ্ধা নিবেদনের পর নীরবতা পালন করেন।

স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

আশুলিয়ার শিমুলিয়া এলাকা থেকে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ফুল দিতে আসা মাহফুজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মুক্তিযুদ্ধের কারণে দেশ পেয়েছি। তাই শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি।’

ঢাকার একটি বেসরকারি বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থী শোয়াইব রহমান বন্ধুদের সঙ্গে এসেছিলেন জাতীয় স্মৃতিসৌধে। মাথায় পতাকা বেঁধে হাঁটছিলেন স্মৃতিসৌধের বেদির দিকে। কথা হয় তার সঙ্গে। বলেন, ‘মুক্তিযুদ্ধ আজ নানা জায়গায় হুমকির মুখে। স্বাধীনতাবিরোধীদের আস্ফালন। তাই এই দিনে মুক্তিযোদ্ধাদের প্রতি যেন একটু বেশিই আবেগ অনুভব করছি। এজন্য বন্ধুদেরসহ এসেছি শ্রদ্ধা জানাতে।’

রাজনৈতিক নেতাদের প্রতিক্রিয়া

এদিন শ্রদ্ধা জানাতে এসে সত্যিকার অর্থে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আজকে আমরা অত্যন্ত সাহসী বোধ করছি, আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেব নির্বাচনে জয়যুক্ত হয়ে আমাদের নেতৃত্ব দিচ্ছেন। নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ নিচ্ছি। আমরা সেই লক্ষ্যে আগামী দিনগুলোতে বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবো।’

মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের প্রত্যাশা-একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, সত্যিকারের স্বাধীন বাংলাদেশ। সেই স্বাধীনতার পরিধির বাইরে আইন-আদালত থাকতে পারে না। মানুষের প্রত্যাশা হলো-আইনের শাসন প্রতিষ্ঠা হবে। মৌলিক অধিকার নিশ্চিত হবে, সুশাসন থাকবে এবং মানুষ সুবিচার পাবে। আমি মনে করি, আজকের এই দিনে আমরা মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই-একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে।’

জুলাই সনদ বাস্তবায়নের দাবি এনসিপির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি। পূরণ হয়নি বলেই আমাদের নতুন প্রজন্মকে আবারও রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমরা চাই যে সামনে যাতে আর এমন না হয়।’

তিনি বলেন, ‘আমাদের ৭১-এর যে আকাঙ্ক্ষা এবং ২৪-এর গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ গড়তে চাই। আমরা এটার জন্যই এই মুহূর্তে কাজ করছি।’

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করা হচ্ছে উল্লেখ করে বলেন, ‘এটি জনগণের সঙ্গে প্রতারণার শামিল। জুলাই আন্দোলনের চেতনার সঙ্গেও প্রতারণা।’

আর হুঁশিয়ারি উচ্চারণ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানকে নাই করে দেওয়া হচ্ছে। আমরা যেটা বলবো সংস্কার যদি পার্লামেন্টে (সংসদে) বাস্তবায়ন না হয়, সেটা মাঠে গড়াবে। রাজনৈতিকভাবে সেটার ফয়সালা হবে। সংস্কার বিচার হতেই হবে।’ আসিফ মাহমুদ বলেন, ‘গণরায়কে এক ধরনের ভুলুণ্ঠিত করে এই সরকার সামনের দিকে এগিয়ে চলতে চাইছে। বাংলাদেশের মানুষ কিন্তু তাদেরকেও এই ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করে ভুলুণ্ঠিত করতে দ্বিধা করবে না।’

জামায়াতের বিরুদ্ধে ক্ষোভ

জামায়াতের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর প্রতিবাদ জানান অনেকে। আম জনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান বলেন, ‘এবার রাজাকাররা স্মৃতিসৌধে আসছে। এইটা মনে হচ্ছে যে আমরা একটা লজ্জাজনক অবস্থায় পড়ে গেছি। একটা বেইজ্জতির মধ্যে পড়ে গেছি।’

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘‘জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির ১৯৭১ সালের বিতর্কিত ভূমিকা অস্বীকার করে এবং জাতির কাছে ক্ষমা না চেয়ে উল্টো একটি নতুন বয়ান দাঁড় করানোর চেষ্টা করছে। তেমনি ভবিষ্যতে অন্য কোনও রাজনৈতিক শক্তিও জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে নিজেদের মতো করে ভিন্ন বয়ান দাঁড় করানোর চেষ্টা করতে পারে-যা আমরা ইতোমধ্যেই দেখতে পাচ্ছি।’

রাষ্ট্র ও সরকার প্রধানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা জানানোর পর স্মৃতিসৌধ সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়

এ ছাড়া জামায়াতের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন বামপন্থি ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা।

অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেনের (প্রিন্স) মুখে উঠে এলো হতাশা ও ক্ষোভের কথা। তিনি বলেন, ‘স্বাধীনতার এত বছর পরও গণতান্ত্রিক অসাম্প্রদায়িক শোষণমুক্ত বাংলাদেশ নিয়ে কোনও প্রশ্ন উত্থাপিত হওয়ার কথা ছিল না। কিন্তু আমরা যা আজকে দেখছি, তা হলো স্বাধীনতাবিরোধী শক্তির উত্থান।’

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘গণতান্ত্রিক একটা রাষ্ট্রের জন্য লড়তে লড়তে ৫৫ বছর আমরা পার করেছি। ৫৫ বছরও একটা স্বাধীন জনগোষ্ঠী হিসেবে দেশ আমরা কিন্তু সবালোকত্ব অর্জন করতে পারিনি। আমাদের স্বাধীনতা সংগ্রামের যে প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স যেটা স্বাধীনতার ঘোষণা, সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায়বিচার। ৫৫ বছরও সেটা আমরা অর্জন করতে পারিনি।’

আওয়ামী লীগের পক্ষে এসে আটক ৩, জাপার ওপর হামলা ছাত্রশক্তির

মহান স্বাধীনতা উদযাপনকালে ঘটে একাধিক বিচ্ছিন্ন ঘটনাও। দুপুরের দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা এক নারীসহ দুজনকে আটক করে পুলিশ। তারা হলেন- ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সিঙ্গাপুর গ্রামের বাসিন্দা রকিবুল ইসলাম দুর্জয় (৩২) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর এলাকার বাসিন্দা মিষ্টি সুভাষ (২৮)।

যদিও আটকের পর প্রত্যেকেই দাবি করেছেন তারা আওয়ামী লীগ বা এর কোনও সহযোগী সংগঠনের পদে নেই। আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রতি ভালোবাসা থেকে তারা স্মৃতিসৌধে এসেছিলেন। 

এ ছাড়া সকালে আটক নারী তাহমিনা দাবি করেছিলেন, ৫ আগস্টের পর থেকে তিনি একজন তৃণমূল কর্মী হিসেবে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হয়েছেন।

এর আগে সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের আগ মুহূর্তে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লাইনে অপেক্ষমাণ থাকাকালীন জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। হাতাহাতি ও উত্তেজনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী এবং ছাত্রশক্তির নেতাকর্মীদের মাঝে উপস্থিত ছিলেন জাকসুর সমাজসেবা সম্পাদক এবং জাতীয় ছাত্রশক্তির সিনিয়র সহসভাপতি আহসান লাবীব। এ ঘটনায় জাতীয় পার্টির একজন নেতা আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

/এএম/ 
সম্পর্কিত
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
শিক্ষার্থী ধর্ষণ: মামলার এক সপ্তাহ পর মাদ্রাসায় অভিযান, গ্রেফতার নেই
সর্বশেষ খবর
গরমের দুপুরে জমিয়ে খান ঠান্ডা চিকেন মেয়ো সালাদ
গরমের দুপুরে জমিয়ে খান ঠান্ডা চিকেন মেয়ো সালাদ
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই