জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে। সেখানে দুইটা নির্বাচন ছিল; গণভোট এবং এমপিকে ভোট দেওয়া হয়েছে। গণভোট ছিল সংস্কারের পক্ষে-বিপক্ষে। বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিয়েছে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। কিন্তু এই বিএনপি সরকার গণভোট এবং জুলাই সনদকে এখন অস্বীকার করছে। জনগণের সঙ্গে প্রতারণা করছে। জাতির সঙ্গে গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা করছে সরকার।’
জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দলটির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জুলাই পদযাত্রায় অংশ নিতে তিনি সোমবার (৬ জুলাই) বিকালে গাজীপুরের কালীগঞ্জ বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত জুলাই বিপ্লবীদের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা পাঁচটি দাবি নিয়ে এসেছি। এই গণভোটের গণরায় বাস্তাবায়ন করতে হবে, যার মাধ্যমে সংস্কার করতে হবে। দেশের পরিবর্তন করতে হবে যেটা আমার আপনার আকাঙ্ক্ষা ছিল জুলাই গণঅভ্যুত্থানে। যে পরিবর্তনের জন্য আমরা শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমেছিলাম। দ্বিতীয়ত, আমরা তরুণদের কর্মসংস্থানের দাবি জানিয়েছি। তৃতীয়ত দৈনিক সাত থেকে আট ঘণ্টা লোডশেডিং হয়, এই লোডশেডিং সমস্যার সমাধান করতে হবে। এই সরকার কমিটমেন্ট করেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল—বিদ্যুৎ সমস্যার সমাধান করবে; কিন্তু তারা যে বাজেট দিয়েছে, তাতে এমন কিছু নেই, যাতে তারা বিদ্যুতের সমস্যা সমাধান করতে পারবে। ঘরে ঘরে বিদ্যুৎ দিতে হবে।’ অন্যান্য দাবির মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দেশে বেহাল আইনশৃঙ্খলা ঠিক করার কথা উল্লেখ করেন নাহিদ ইসলাম।
সম্প্রতি জাতীয় সংসদে এক সংসদ সদস্যের বক্তব্যের কথা উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘কিছু দিন স্বারাষ্ট্রমন্ত্রীকে তার নিজের দলের এমপি বলেছেন, মাদক কারবারির সূতিকাগার সেই কক্সবাজার থেকে। স্বরাষ্ট্র্রমন্ত্রী তার নিজের এলাকায় মাদক বন্ধ করতে পারেন না, তিনি সারা দেশের মাদক কীভাবে বন্ধ করবেন। তিনি সারা দেশের আইনশৃঙ্খলা কীভাবে ঠিক করবেন।’
পদযাত্রা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক রিফাত রশীদ। এ ছাড়া উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এম এম শোয়াইব, গাজীপুর মহানগর এনসিপির সদস্যসচিব আবদুল্লাহ আল মুহিম প্রমুখ।






