সম্প্রতি নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্যসচিব সাহেদ আহমেদের অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়ার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় যুবদল কেন্দ্রীয় কমিটি থেকে তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
সোমবার (১৩ জুলাই) রাতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানা যায়।
নোটিশে বলা হয়, আদমজী ইপিজেড এলাকার এক ব্যবসায়ীকে গর্হিত ভাষায় হুমকি দেওয়ার অডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে। জাতীয়তাবাদী যুবদল যখন বন্যায় পানিবন্দি মানুষের সহায়তায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে ব্যস্ত, তখন মহানগর যুবদলের সদস্যসচিবের মতো গুরুত্বপূর্ণ পদে থেকে তার এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড যেমন দুঃখজনক, তেমনি তা সংগঠনের জন্য বিব্রতকর।
সংগঠনের সুনাম ও শৃঙ্খলা বিনষ্টকারী এমন কর্মকাণ্ডের জন্য তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সম্মুখে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।
খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি আদমজী ইপিজেডে একটি ঠিকাদারি কাজকে কেন্দ্র করে সানজিদা গ্রুপের প্রতিনিধি ফরহাদের সঙ্গে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্যসচিব সাহেদ আহমেদের হোয়াটসঅ্যাপে কথপোকথনের একটি রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা পরে ভাইরাল হয়।
ভাইরাল হওয়া ওই অডিও রেকর্ডে শোনা যায়, মোবাইলের অপর প্রান্ত থেকে সাহেদ আহমেদ ওই ব্যবসায়ীকে বলেন, তোর কোন বাপ (বাবা) আছে, তুই কোন দিক দিয়ে বের হবি। তোর কোন বাপ আছে। এ কথা বলে তিনি অকথ্য ভাষায় গালি দেন।
এ সময় ফোনের অপরপ্রান্তে থাকা ব্যবসায়ী বলেন, ভাই আপনি আমাকে গালাগালি করছেন কেন? এটা মামুন কাকার কাজ, আমি শুধু কাজ করতেছি। এর প্রতি উত্তরে যুবদল নেতা সাহেদ ফের গালি দিয়ে ব্যবসায়ীকে বলেন, তুই কার সাথে কাহিনি করোছ। তুই ফ্যাসিবাদ। এসব বলে তিনি ফের গালি দেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্যসচিব সাহেদ আহমেদ বলেন, আমার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন ষড়যন্ত্র করছেন। রাজনৈতিকভাবে হেয় করতে উদ্দেশ্য-প্রণোদিতভাবে অপপ্রচার চালানো হয়েছে।
শোকজের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক বাংলা ট্রিবিউনকে বলেন, তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। দল যেটা ভালো মনে করে সেটাই করেছে। এখন তিনি নোটিশের জবাব দেবেন। পরে প্রয়োজনবোধে কেন্দ্র থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে।









