জুলাই যোদ্ধা ও বৈষম্যবিরোধী নেতাকে মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপির নেতাকর্মীরা

শরীয়তপুর প্রতিনিধি
০৫ আগস্ট ২০২৬, ২১:১৫আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ২১:১৫

শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান থেকে এক জুলাই যোদ্ধাকে মারধরের পর বের করে দেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার সঙ্গেও একই আচরণ করা হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, বিএনপির নেতাকর্মীরা তাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিয়েছেন। তবে বিএনপি নেতাদের দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবার নিয়ে ‘কটূক্তি’ করায় প্রতিবাদ করা হয়েছে।

এরই মধ্যে মারধরের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনার পর আহত জুলাই যোদ্ধা, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। অনুষ্ঠানে জুলাই যোদ্ধাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ছিলেন। পরে অনুষ্ঠান চলাকালে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদসহ কয়েকজন নেতাকর্মী তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে জুলাই যোদ্ধা জাকির হোসেন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজিরকে মারধরের পর অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হয়।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি জাকির হোসেন, ইমরান আল নাজিরসহ কয়েকজনকে মিলনায়তন থেকে বের করে দিচ্ছেন। বাইরে বের হওয়ার পরও বিএনপির নেতা মাহবুব মোর্শেদ কয়েক দফা চড়-থাপ্পড় মারছেন।

ভুক্তভোগী জুলাই যোদ্ধা জাকির হোসেন বলেন, ‘আমি একজন গেজেটভুক্ত জুলাই যোদ্ধা। আন্দোলনে আহত হওয়ার পর সরকার তদন্ত করে আমাকে স্বীকৃতি দিয়েছে। অনুষ্ঠানে যেতেই বিএনপির নেতাকর্মীরা আমাকে ও অন্যদের মারধরের পর বের করে দেন। অন্যরা আমাকে রক্ষা না করলে আরও বড় ক্ষতি হতে পারতো। আমি এ ঘটনার বিচার চাই।’

অভিযোগের বিষয়ে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির বড় ভূমিকা ছিল। ইমরান আল নাজিরসহ এনসিপির কয়েকজন নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে আসছেন। অনুষ্ঠানেও তারা একই ধরনের মন্তব্য করছিলেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয়েছে।’

প্রশাসনের উপস্থিতিতেই মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন আরেক ভুক্তভোগী ইমরান আল নাজির। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনও পদক্ষেপ দেখা যায়নি, সেই ক্ষোভ প্রকাশ করেন ইমরান।

জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর পর সংবর্ধনা ও আলোচনা সভার অনুষ্ঠানে যান অতিথিরা। ওই সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলোরা ইয়াসমিন মঞ্চে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করছিলেন। তিনি অতিথিদের মঞ্চে আহ্বান জানানোর সময় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এ বিষয়ে ইউএনও বলেন, ‘তখনও শহীদদের পরিবারের সদস্যরা সভাস্থলে এসে পৌঁছাননি। এমন পরিস্থিতিতে বিশৃঙ্খল ঘটনার সৃষ্টি হয়। তখন মঞ্চে দাঁড়িয়ে মাইকে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ জানাই। ওই ঘটনার সময় অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্য অতিথিরা মঞ্চের সামনের আসনে বসা ছিলেন। পরিস্থিতি শান্ত হওয়ার পর আমরা সংবর্ধনার অনুষ্ঠানটি শুরু করি।’

জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সামনে জাকির ও ইমরানকে মারধরের পর বের করে দেওয়ার ঘটনা ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে।

প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন করলে অনুষ্ঠানস্থলে উপস্থিত জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তানভীর হোসেন সাংবাদিকদের কোনও বক্তব্য না দিয়ে চলে যান। জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান শেষ করেছি। যে অভিযোগ এসেছে, সেটি খতিয়ে দেখা হবে।’

/এএম/ 
সম্পর্কিত
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
এবার সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে পেটালেন কৃষকরা, দৌড়ে ব্যবসায়ীর বাড়িতে আশ্রয়
‘১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে’
সর্বশেষ খবর
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)
শাহজালালে ৯৮ হাজার রিয়ালসহ দুবাইগামী যাত্রী আটক
শাহজালালে ৯৮ হাজার রিয়ালসহ দুবাইগামী যাত্রী আটক
সিএনজি ফিড গ্যাসের দাম ঘনমিটারে ৬ টাকা কমানোর দাবি
সিএনজি ফিড গ্যাসের দাম ঘনমিটারে ৬ টাকা কমানোর দাবি
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার