রাজবাড়ীর গোয়ালন্দে আখখেতের চারপাশে পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে নবীরন নেছা (৫৫) নামে এক নারীর মৃত্যু ও লাশ গুম চেষ্টা মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম মৃধাকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার দিবারাতে ফরিদপুর কোতোয়ালি থানার বেপারিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১০। এক সংসবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় গোয়ালন্দ ঘাট থানায় রফিকুলকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও তিন-চার জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের মেয়ে জুলেখা আক্তার।
র্যাব জানিয়েছে, ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আইনদ্দিন প্রামাণিক পাড়ায় রফিকুল মৃধার আখখেতের পাশ থেকে নবীরন নেছার মরদেহ উদ্ধার করেন স্বজনরা। এর আগে ওই নারীর মৃত্যুর বিষয়টি টের পেয়ে রফিকুল ও তার কয়েকজন সহযোগী মরদেহ গুম করার জন্য আখক্ষেতের পাশের পুকুর পাড়ে গর্ত খুঁড়ে সেখানে পুতে রাখার চেষ্টা করে।
এদিকে এ মৃত্যু নিয়ে এলাকার কয়েকজন বিএনপি নেতা ৪ লাখ টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা করে দেন। তবে বিষয়টি পরে জানাজানি হয়ে গেলে পুলিশ মরদেহ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, নবিরন বেগমের মৃত্যু ও লাশ গুমের ঘটনায় তার বড় মেয়ে শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করেন। র্যাব-১০ এর একটি দল রাতেই মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম মৃধাকে ফরিদপুর হতে গ্রেফতার করে। শনিবার দুপুরের পর আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে। তাকে রাজবাড়ীর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।









