নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজার মসজিদে শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে জোহরের নামাজের প্রস্তুতি চলছিল। এমন সময় দোতলার দক্ষিণ পাশের একটি তাকে একটি আগ্নেয়াস্ত্র পড়ে থাকতে দেখেন মসজিদের মুয়াজ্জিন নাসির উদ্দিন।
তিনি দেখতে পান, সেখানে রাখা একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ২০ রাউন্ড তাজা গুলি। পরে তিনি নিজ দায়িত্বে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করে আড়াইহাজার থানায় নিয়ে যান। সেখানে উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনের হাতে এসব আগ্নেয়াস্ত্র হস্থান্তর করেন। উদ্ধার পিস্তলটি ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ।
মসজিদের মুয়াজ্জিন নাসির উদ্দিন জানান, দুপুর ১টার দিকে আড়াইহাজার পৌরসভার বাজার মসজিদের দোতলার দক্ষিণ পাশে কুরআন রাখার তাকের ওপর পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলিগুলো দেখতে পান তিনি। পরে তিনি সেগুলো আড়াইহাজার থানায় গিয়ে ওসির কাছে হস্তান্তর করেন।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম বলেন, ‘উদ্ধার করা পিস্তলটি জুলাই-আগস্টের আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।’
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, ‘এ বিষয়ে পুলিশ সুপার সাংবাদিকদের ব্রিফিং করবেন। উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।’









