মাদারীপুরের কালকিনিতে মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কালকিনি পৌরসভার মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক বিক্রির টাকা নিয়ে কালকিনির দক্ষিণ ঠ্যাঙ্গামারা গ্রামের বাবুল সরদারের ছেলে রনি সরদারের সঙ্গে পাশের পাঙ্গাশিয়া গ্রামের আলী ফকিরের ছেলে জহির ফকিরের বিরোধ চলছিল। এর জেরে শনিবার রাতে লোকজন নিয়ে রনিকে মারধর করেন জহির। খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আহত চারজনের মধ্যে একজনকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি আহত ব্যক্তিরা গ্রেফতার আতঙ্কে অন্যত্র চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
কালকিনি থানার এসআই জোবায়ের হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িত ব্যক্তিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।