সাভারের হেমায়েতপুরে মাদানী সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের চার ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে ৬টার দিকে তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর বাসস্ট্যান্ডের এলাকার ওই মার্কেটে অগ্নিকাণ্ড ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ট্যানারি ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার শামীম মিয়া বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে ওই মার্কেটে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে ট্যানারি ফায়ার সার্ভিসের দুই ইউনিট ও সাভার ফায়ার সার্ভিসের দুই ইউনিট নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে চার ইউনিটের চেষ্টায় ৬টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।’
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটর ওভারহিটের কারণে আগুন ধরে যায় এবং কয়েকটি জেনারেটর বিস্ফোরণ হয়। এতে আগুনে আট জেনারেটরসহ কিছু মালামাল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।
মাদানী সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে চার ইউনিট