নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, ‘সাবেক মেয়র, আপনাকে শান্তিতে বাড়িতে ঘুমাতে দিয়েছি। আপনি শান্তিতে ঘুমান। যদি আপনি কোনও নয়-ছয় করেন ও নিষিদ্ধ স্লোগান ‘‘জয় বাংলা’’ দিয়ে নারায়ণগঞ্জকে উত্তপ্ত করতে চান, তাহলে কিন্তু আপনার হোয়াইট হাউসের (আইভীর বাড়ি) ইট থাকবে না।’
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
ভারতে চিকিৎসাধীন সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে ইঙ্গিত করে বিএনপি নেতা ইউসুফ খান বলেন, ‘একজন ভারতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তারপর আপনিও (আইভী) ভালো থাকবেন কি না সেটা সন্দিহান।’
আইভীকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ‘এ দেশের জনগণ চব্বিশের ৫ আগস্ট বিপ্লবের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে আপনাদেরকে পদত্যাগ করে পালাতে বাধ্য করেছে। যতবার বিএনপি বা অন্যকোনও দল ক্ষমতায় আসে এই সংগঠন পালিয়ে গেছে। আর বিএনপি কখনও পালায় নাই। তারেক রহমান আপনাদের প্রতি সিমপ্যাথি দেখাচ্ছে, আর আপনি যদি আর একবার নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে এসে এ ধরনের স্পর্ধা দেখান ও নিষিদ্ধ স্লোগান দেন তাহলে আপনাকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’
সাবেক মেয়র আইভীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের তথাকথিত আওয়ামী লীগের এক নেত্রী লুকোচুরি করে আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান দিয়ে যে পরিস্থিতি সৃষ্টি করেছেন, তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।’
এ সময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সরকার হুমায়ুন, জাকির হোসেন, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল কালাম আজাদ জাকির, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি প্রমুখ।
এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) সিদ্ধিরগঞ্জে রিকশাচালক তুহিন হত্যা মামলায় আদালতে হাজির হয়ে জামিন পান সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। জামিন পাওয়ার পর আদালত চত্বরে তাকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়।
এ সময় আইভী বলেন, ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না।’ এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
আইভীর স্লোগান দেওয়াকে কেন্দ্র করে এর পরদিন তার আইনজীবীসহ তিন জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নারায়ণগঞ্জে আলোচনা তৈরি হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ও আইনজীবী জিয়াউল ইসলাম কাজল, আইনজীবী মাহবুবুর রহমান তুষার এবং কাজলের ভাই আতিকুল ইসলাম।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ দলের কর্মী হিসেবে ওই তিন জন গতকাল আদালত প্রাঙ্গণে সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে ছিলেন। সেখানে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।’