ধর্ষণ মামলার বাদীকে ৭৭ লাখ টাকা লুটের মামলার আসামি করলেন মাদ্রাসার প্রধান শিক্ষক

সাভার (ঢাকা) প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৬, ২৩:৪৬ আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ২৩:৫৩

সাভারে ১৩ বছরের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক ও মালিক আব্দুল বারীর বিরুদ্ধে করা মামলার বাদীকেও এবার আসামি করা হয়েছে মাদ্রাসায় ভাঙচুর-লুটপাটের অভিযোগে দায়ের করা নতুন মামলায়। মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষে করা এ মামলায় ধর্ষণ মামলার বাদীসহ মোট ২১ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ১৫ জন অজ্ঞাতনামা।

শনিবার (২৪ অক্টোবর) সাভার মডেল থানায় মামলাটি করেন ধর্ষণ মামলার প্রধান আসামি আব্দুল বারীর (৫০) বড় ছেলে মো. উমায়ের। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, মামলায় মাদ্রাসা থেকে নগদ ৪৭ লাখ টাকা, ২৩ লাখ টাকা মূল্যের ১২ ভরি স্বর্ণালংকার, সাত লাখ টাকা মূল্যের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল লুটের অভিযোগ আনা হয়েছে।

মো. মোশাররফ হোসেন বলেন, মাদ্রাসায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলাটি করা হয়েছে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, মামলায় নাম উল্লেখ করা ছয়জনের মধ্যে ধর্ষণ মামলার বাদী ভুক্তভোগী শিক্ষার্থীর দাদাও রয়েছেন। ওপর মহলের চাপে এবং বাদীর ইচ্ছা অনুযায়ী ভাঙচুর ও লুটপাটের মামলাটি নথিভুক্ত করতে হয়েছে পুলিশকে।

ধর্ষণ মামলার বাদীকে লুটপাটের মামলায় আসামি করা প্রসঙ্গে জানতে চাইলে পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন বলেন, ‘ধর্ষণ মামলার বাদীকে আমরা মাদ্রাসায় লুটপাটের মামলায় আসামি করতে নিষেধ করেছিলাম। কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে আসামি করবে। আমরা তদন্ত ছাড়া তাকে গ্রেফতার করবো না।’

নতুন মামলার বাদী মো. উমায়ের নিজেকে মাদ্রাসার পরিচালনা সহকারী দাবি করেন। তার ভাষ্য, তার বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। মাদ্রাসার জায়গাজমি দখল ও লুটপাটের উদ্দেশ্যে তার বাবার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে ওই রাতে মাদ্রাসায় ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।

মো. উমায়ের বলেন, ‘ধর্ষণের যে মামলাটি করা হয়েছে, সেটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। মাদ্রাসার জায়গাজমি দখল ও লুটপাটের উদ্দেশ্যে উদ্দেশ্যমূলকভাবে আমার বাবার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে ওই রাতে আমাদের মাদ্রাসায় ভাঙচুর ও লুটপাট করা হয়। নগদ টাকা, স্বর্ণালংকারসহ ৭৭ লাখ টাকার মালামাল মাদ্রাসা থেকে লুট করা হয়। এ ছাড়া মাদ্রাসা ভাঙচুর করে আরও কোটি টাকার ওপরে ক্ষতিসাধন করা হয়েছে।’ গত কয়েক বছর ধরে একটি পক্ষ মাদ্রাসার জায়গাজমি লুটপাটের চেষ্টা করছিল বলেও দাবি করেন উমায়ের।

অন্যদিকে, মাদ্রাসায় ভাঙচুর ও লুটপাটের মামলায় ধর্ষণ মামলার বাদীকে আসামি করায় ক্ষোভ জানিয়েছেন ১৩ বছর বয়সী ওই শিক্ষার্থীর স্বজনেরা। ধর্ষণ মামলার প্রধান আসামি আব্দুল বারীকে পুলিশ এখনও গ্রেফতার না করায়ও অসন্তোষ প্রকাশ করেছেন তারা।

গত বুধবার ধর্ষণের ঘটনাটি জানাজানি হওয়ার পর সন্ধ্যায় এলাকাবাসী মাদ্রাসাটি ঘেরাও করেন। খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে যায়। তখন এলাকাবাসীর তোপের মুখে পুলিশ সদস্যরা মাদ্রাসার ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন।

পরে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছায়। রাত পৌনে ৯টার দিকে অভিযুক্ত প্রধান শিক্ষকের স্ত্রী ও ছেলেকে উদ্ধার করে দ্রুত থানার দিকে রওনা হন পুলিশ সদস্যরা। এরপর এলাকাবাসী দ্বিতীয় দফায় মাদ্রাসায় ভাঙচুর চালান এবং ভেতরে থাকা মালামাল লুট করে নিয়ে যান।

 

/এএম/ 
সম্পর্কিত
টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ
সাদপন্থিদের ইজতেমা বন্ধের দাবি ওলামা-মাশায়েখদের
মাদ্রাসাছাত্রকে বলাৎকার ও ধামাচাপার চেষ্টা: শিক্ষক ও পরিচালক গ্রেফতার
সর্বশেষ খবর
ঢাকা থেকে বাতিল ১৪৪ ফ্লাইট, আটকা ২২ হাজার যাত্রী
ঢাকা থেকে বাতিল ১৪৪ ফ্লাইট, আটকা ২২ হাজার যাত্রী
সকালে যুবদল নেতাকে, সন্ধ্যায় দোকানিকে এবং রাতে হাসপাতালে গুলি-ভাঙচুর
সকালে যুবদল নেতাকে, সন্ধ্যায় দোকানিকে এবং রাতে হাসপাতালে গুলি-ভাঙচুর
ঐশ্বর্যের দেবী লক্ষ্মীর পূজা আজ
ঐশ্বর্যের দেবী লক্ষ্মীর পূজা আজ
একের পর এক মাদ্রাসায় যৌন নির্যাতনের অভিযোগ: তদারকি নিয়ে প্রশ্ন
একের পর এক মাদ্রাসায় যৌন নির্যাতনের অভিযোগ: তদারকি নিয়ে প্রশ্ন
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা