নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাটে শীতলক্ষ্যায় যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চার বছরের শিশু সাব্বির আহমেদ সাফিনের লাশ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন তার মা সেতু বেগম (২৫)।
বুধবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় ১০-১২ জন যাত্রী নিয়ে একটি নৌকা শীতলক্ষ্যা পারাপারের সময় বালুবাহী একটি বাল্কহেড সেটিকে ধাক্কা দেয়। এতে নৌকাটি তলিয়ে যায়। যাত্রীরা সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও চাঁন মিয়া (৪০), তার স্ত্রী সেতু বেগম (২৫) ও তার ছেলে সাব্বির আহমেদ সাফিন (৪) নিখোঁজ হন। পরে নদীর পূর্ব পাড়ে সাঁতরিয়ে তীরে ওঠেন চাঁন মিয়া। নিখোঁজ থাকেন সেতু বেগম ও সাব্বির।
নারায়ণগঞ্জ নৌ পুলিশের ইনচার্জ এস আই আবু তাহের জানান, বৃহস্পতিবার সকাল ৮টায় বন্দরের মাহমুদনগর এলাকাতে সাব্বিরের লাশ ভেসে উঠে। স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়। তবে এখনও নিখোঁজ আছেন সেতু বেগম। তাকে উদ্ধারে নদীতে তল্লাশি অভিযান চলছে।
আরও পড়ুন-
সন্দেহভাজনদের বিষয়ে সিআইডিকে তথ্য দিয়েছেন তনুর বাবা
নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় দুই স্কুলশিক্ষক গ্রেফতার
/এফএস/







