দেশের সামগ্রিক উন্নয়নে সবার সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি কোনও দলের নন, সবার উল্লেখ করে বলেন, এলাকার চলমান উন্নয়ন কাজগুলো বাস্তবায়িত হলে ভবিষ্যত প্রজন্ম উন্নতি ও প্রগতির দিকে এগিয়ে যাবে।
‘আমি কোনও দলের নই, সবার রাষ্ট্রপতি। আমাকে ভোট দিতে দিতে এলাকার লোকজন বৃদ্ধ হয়ে গেছে আর আমিও ভোট নিতে নিতে বৃদ্ধ হয়ে গেছি। তাই এলাকার জন্য কিছু করে যেতে হবে। মালদ্বীপে যেমন হাজার খানেক দ্বীপ রয়েছে, কিশোরগঞ্জের হাওরের প্রায় ১২শ’ গ্রামকেও মালদ্বীপের মতোই মনে হয়। তবে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক নির্মাণ কাজ শেষ হলে পাল্টে যাবে হাওরের চেহারা।
বৃহস্পতিবার কিশোরগঞ্জের মিঠামইন হাওরের তিন উপজেলা ইটনা-মিঠামইন-অষ্টগ্রামকে সংযুক্ত করে অলওয়েদার সড়ক ও ১০টি সেতু নির্মাণ কাজের ভিত্তিফলক উদ্বোধন শেষে মিঠামইন ডাকবাংলো মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন। এসময় দেশের সামগ্রিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, এলাকার চলমান উন্নয়ন কাজগুলো বাস্তবায়িত হলে ভবিষ্যত প্রজন্ম উন্নতি ও প্রগতির দিকে এগিয়ে যাবে। ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক নির্মাণ শেষ হলে বর্ষাকালেও তিন উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ থাকবে। ভবিষ্যতে অষ্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সঙ্গে সড়ক যোগাযোগের ব্যবস্থা করা হলে হাওরের লোকজন সড়কপথে যে কোনও স্থানে যাতায়াত করতে পারবেন।
তিনটি উপজেলায় এর আগে সাবমারসিবল (ডুবো) সড়ক নির্মাণ হওয়ায় হাওরের মানুষকে এখন আর জেলা শহরে গিয়ে হোটেলের ভাড়া গুণতে হয় না। একটা সময় ছিল, হাওরের মানুষ মামলার হাজিরা দিতে একদিনের জন্য জেলা আদালতে গেলে তাদের তিনদিন থাকতে হতো। এখন আর সেই দিন নেই। এখন হাওরের মানুষ দুই থেকে তিন ঘণ্টায় জেলা শহরে যেতে পারছেন, বলেন রাষ্ট্রপতি।
কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ও মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুস সাহিদ ভূইয়া প্রমুখ।
এর আগে সকাল ১১টা ১০ মিনিটে হেলিকপ্টার যোগে মিঠামইনে অবতরণ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। স্থানীয় ডাক বাংলোতে সংক্ষিপ্ত বিশ্রাম শেষে দুপুর ১১টা ৪০ মিনিটে ডাক বাংলো মাঠে হাওরাঞ্চলের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম উপজেলার ২৯ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ অলওয়েদার মহাসড়ক নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন তিনি। এ প্রকল্পে ৬শ’ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে ২০১৮ সালের জুন মাসে। পরে উপজেলার খাটখাল এলাকায় একটি সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করেন রাষ্ট্রপতি। সড়ক ও জনপদ বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
(ব্যবহৃত ছবি আর্কাইভ থেকে নেওয়া)
/টিএন/
আরও পড়তে পারেন:
দীপ্ত টিভির সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া ও ঠাকুরগাঁওয়ে মানববন্ধন







