প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক প্রশাসনিক কর্মকর্তা আফরিন জামাল নিলাকে (৩০)কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার খুলনার মুখ্য মহানগর হাকিম মেছবাহ উদ্দিন আহমেদ এ আদেশ দেন বলে বাদী পক্ষের আইনজীবী তারিক মাহমুদ তারা জানান।
আফরিন জামাল নিলা দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার কামরুজ্জামানের মেয়ে। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।
বাদীর আইনজীবী তারিক মাহমুদ তারা জানান, নিলা ২০১৪ সালের ১৩ এপ্রিল নগরীর সোনাডাঙ্গা থানার শেখ জামাল নওফেল রাশেদ নামে এক ব্যক্তির কাছ থেকে দুই লাখ এবং একই বছরের ৭ সেপ্টেম্বর আরও চার লাখ টাকা ধার নেন।
দুই ধাপে ৬ লাখ টাকার বিপরীতে ব্র্যাক ব্যাংক খুলনা শাখার দুটি চেক রাশেদকে দেন নিলা। তবে চেক দুটি তাকে না জানিয়ে ব্যাংকে জমা না দিতে রাশেদকে অনুরোধ করেন।
তিনি আরও জানান, এক পর্যায়ে চেক দুটির মেয়াদোত্তীর্ণ হলে রাশেদ টাকা ফেরত চেয়ে নিলাকে চাপ দেয়। এ অবস্থায় টাকা ফেরত দেওয়া নিয়ে নানাভাবে সময়ক্ষেপণ করেন। পরে গত মে মাসের মধ্যে রাশেদকে টাকা ফিরিয়ে দেবেন বলে একটি চুক্তিপত্রের মাধ্যমে অঙ্গীকার করেন নিলা।
তবে চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত সময় টাকা পরিশোধ করতে না পারায় ৭ জুন নিলার বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলা করেন রাশেদ।
বুধবার দুপুরে পুলিশ নিলাকে আদালতে হাজির করলে তিনি জামিনের আবেদন করেন। বিচারক তার আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান এ আইনজীবী।
আরও পড়ুন: রাজধানীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
/এআর/








