সাতক্ষীরায় মন্দিরের পুরোহিত ভবসিন্দু বরকে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার নেতারা। সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানবন্ধন কর্মসূচি পালিত হয়।
জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ সাধুর সভাপতিত্বে ও পরিষদের নেতা নিত্যানন্দ আমিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন- সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহম্মেদ রবি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, সাংবাদিক অসীম বরন চক্রবর্তী, আশাশুনি উপজেলার সুবোধ চক্রবর্তী, কলারোয়ার আহ্বায়ক সিদ্ধেশ্বর চক্রবর্তী, ইসকন মন্দিরের কৃষ্ণদাস বক্ষচারী, বিকাশ সরকার, অপরেশ পাল, স্বদেশ’র পরিচালক মাধব চন্দ্র দত্ত প্রমুখ।
বক্তারা মন্দিরের পুরোহিতের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। তাছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে আহত পুরোহিত ভবসিন্দু বরকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষনিক ঢাকার বক্ষব্যাধী হাসপাতালে পাঠানোর কারণে তিনি এখন সুস্থ আছেন। এজন্য পুলিশ সুপার ও জেলা পুলিশকে ধন্যবাদ জানান বক্তারা।
এসময় বক্তারা, গুলশানে জঙ্গিদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
প্রসঙ্গত, গত শনিবার ভোর রাত ৪ টার দিকে সদরের ব্রহ্মরাজপুর রাধাগোবিন্দ মন্দিরের পুরোহিত ভবসিন্দু বরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। ঘটনার মামলাটি থানা থেকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ডিবি পুলিশ তিনজনকে আটক করেছে বলে জানা যায়।
আরও পড়ুন: রাজবাড়ীর বালিয়াকান্দির তৈরি টুপি যাচ্ছে মধ্যপ্রাচ্যে
/এআর/








