মেহেরপুর জেলা আইনজীবী ভবনের পাশের ভবনের সিঁড়ি রুম থেকে লালটেপ মোড়ানো ৩টি ককটেলসহ চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (এমএল) এর শতাধিক প্রচারপত্র উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৯টায় মেহেরপুর সদর থানার এসআই রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এগুলো উদ্ধার করে।
উদ্ধারকৃত প্রচারপত্রে ‘জনগণের ঘৃণিত শত্রু নজরুল খতম প্রসঙ্গে পার্টির বীর গেরিলা, শুভানুধ্যায়ী ও বিপ্লবী জনগণের প্রতি আমাদের আহ্বান’ শীর্ষক শিরোনাম লেখা ছিল। দুই পাতার এই প্রচারপত্রে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা বন তিত্তরাবিলের নজরুলের বেপোরোয়া বেড়ে উঠার বর্ণনা ও তাকে খুন করার কথা স্বীকার করা হয়েছে। এছাড়াও গত ২১ এপ্রিল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল লাল পতাকা)এবং পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল জনযুদ্ধ) এই দুটি সংগঠনকে বিলুপ্ত করে শুধুমাত্র পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল) নামে কমিটি গঠন ও পার্টির নামকরণের কথা বলা হয়েছে।
স্থানীয়রা জানান, মেহেরপুর আইনজীবী সমিতির ভবন সংলগ্ন আরেকটি ভবনের সিঁড়ি রুমে হোটেল কর্মচারীরা লাল টেপ মোড়ানো ৩টি ককটেল ও বেশ কিছু কাগজ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে এগুলো উদ্ধার করে সদর থানায় নিয়ে যায়।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি শুনেছি আমার চেম্বার ভবনের সিঁড়ির নিচে ককটেল ও চরমপন্থী সংগঠনের প্রচারপত্র উদ্ধার করেছে পুলিশ। তবে কারা কি কারণে রেখেছে তা বুঝতে পারছি না। পুলিশ তদন্ত করলে আসল ঘটনা বেরিয়ে আসবে।
এ ব্যাপারে উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা এসআই রবিউল ইসলাম বলেন, শহরে আতঙ্ক ছড়ানোর জন্য কেউ এগুলো রেখে যেতে পারে। তবে এটা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল) কাজ কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
/জেবি/
আরও পড়তে পারেন : কোটচাঁদপুরে অস্ত্র-গুলিসহ শিবির কর্মী আটক






