খুলনায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধের ঐক্যবদ্ধ শপথ

খুলনা প্রতিনিধি
২০ জুলাই ২০১৬, ২২:১১আপডেট : ২০ জুলাই ২০১৬, ২২:২০


সন্ত্রাস ও জঙ্গি প্রতিরোধে খুলনায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর ঐতিহ্যবাহী শহীদ হাদিস পার্কে এবং বেলা একটায় খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

হাদিস পার্কে জেলা পরিষদ আয়োজিত সন্ত্রাসবিরোধী অধিবেশন
সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যক্রম চালাচ্ছে। এই সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার জন্য এলাকায় এলাকায় পুলিশিং কমিটি সক্রিয় করাসহ লাঠি বাহিনী গঠন করা হয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা তৈরি ও নিখোঁজ ব্যাক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহ করছে প্রশাসন।
হাদীস পার্কের খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান, খুলনা রেঞ্জ ডিআইজি এস এম মনির উজ জামান, কেএমপি পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি, খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশিদ, র‌্যাব ৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার রেজাউল হাসান, খুলনা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আনিছুর রহমান বিশ্বাস, খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সাইফুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, খুলনা চেম্বারের সভাপতি কাজী আমিনুল হক, খুলনা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন কুমার ঘোষ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তুষার রবি বাবলু, খুলনা মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু এবং খুলনা টাউন জামে মসজিদের খতিব ও আলীয়া মাদ্রাসার প্রাক্তন প্রিন্সিপাল মো. সালেহ। স্বাগত বক্তৃতা করেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান।

খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান বলেন, শান্তিপ্রিয় খুলনাবাসী সন্ত্রাস ও জঙ্গিবাদকে সমর্থন করে না। কোনও ধর্মই মানুষ হত্যাকে সমর্থন করে না। সংসদ সদস্য বলেন, সন্ত্রাসীরা নিজ নিজ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে না। সন্ত্রাসের উদেশ্যে তারা অন্য এলাকায় আশ্রয় নেয়। এ জন্য অপরিচিত লোক সম্পর্কে স্থানীয় জনগণকে খোঁজ-খবর নেওয়াসহ সতর্ক থাকার পরামর্শ দেন।  তিনি অনুপস্থিত শিক্ষার্থীদের  মনিটরিং করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের প্রতি আহবান জানান।

সমাবেশে বক্তারা বলেন, বাঙালি জাতি বীরের জাতি।  তারা কখনও কোনও ধর্মান্ধ-উগ্রবাদি গোষ্ঠীর কাছে মাথা নত করেনি। এখনও তারা সন্ত্রাসী কোনও গোষ্ঠীর কাছে মাথানত করবে না। সন্ত্রাসীরা কুলাঙ্গার-দানব, তারা মানুষ নয়। এমন সন্ত্রাসীদের কোনওভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। এদের বিরুদ্ধে প্রতিটি পাড়ায়-মহল্লায়, গ্রামে-গ্রামে প্রতিরোধ কমিটি গঠন করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অপরাধীদের তথ্য দেওয়া জনগণের আইনি দায়িত্ব উল্লেখ করে বক্তারা বলেন,  পাড়ায়-মহল্লায় কোনও অপরিচিত লোকের আনাগোনা দেখলে তার সম্পর্কে নিকটস্থ থানায় অবহিত করুন। ভাড়াটিয়াদের সম্পর্কে খোঁজ নিয়ে বাসা ভাড়া দেওয়ার জন্য বাড়ির মালিকদের প্রতি আহবান জানান।  তারা আরও বলেন, ইহুদি-নাসারা ও সাম্রাজ্যবাদিরা সারাবিশ্বে মুসলমানদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করতে নানা ষড়যন্ত্র করছে। ইসলামের নামে  যারা তরুণ সমাজকে বিভ্রান্ত করছে তাদের প্রতিহত করতে জনগণকে এগিয়ে আসতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলামের শান্তির বাণী প্রচারের মাধ্যমে আলেম সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে শিক্ষক সমিতির উদ্যোগে দেশব্যাপী ধর্মান্ধ, মৌলবাদি ও জঙ্গিগোষ্ঠীর অপতৎপরতা বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি চলাকালে সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আহেমেদ আহসানুজ্জামানের সভাপতিত্বে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. সারওয়ার জাহানের সঞ্চালনায় বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার খান আতিয়ার রহমান। এ সময় সমিতির সদস্যসহ সাধারণ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

খুবি শিক্ষক সমিতির উদ্যোগে জঙ্গিবাদবিরোধী অধিবেশন

সমাবেশে উপাচার্য ফায়েক উজ্জামান বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। ইসলাম ধর্মে কোনও মানুষকে হত্যার কথা বলা হয়নি। এমনকি পৃথিবীর অন্য কোনও ধর্মের মানুষকেও হত্যার কথা নেই। ইসলামের কাছে সকল ধর্মের মানুষই নিরাপদ। অথচ ইসলামের কথা বলে নির্বিচারে মানুষকে হত্যা করা হচ্ছে। মানুষ হয়ে আরেক মানুষকে হত্যা করা হচ্ছে এটা কোনও ধর্ম?

তিনি আরও বলেন, মানুষ হত্যার সঙ্গে জড়িত কোনও অপশক্তি কোনওদিন টিকে থাকতে পারেনি, পারবেও না। ৭১ এবং ৯০ সালে এদেশের মানুষ অপশক্তির বিরুদ্ধে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলো সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধেও তেমনি ঐক্যবদ্ধ হবেন বলে তিনি আশা করেন এবং সেই অবস্থা ইতোমধ্যেই আমরা প্রত্যক্ষ করছি। দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ আজ এক হচ্ছে।

উপাচার্য বলেন, সত্যিকার অর্থে জঙ্গিবাদ রুখতে হলে আগে ঘরের জঙ্গিবাদ, প্রতিষ্ঠানের জঙ্গিবাদ চিহ্নিত করতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে এ বিশ্ববিদ্যালয়ের কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও উপাচার্য হুশিয়ার করে দেন। তিনি বলেন খুলনা বিশ্ববিদ্যালয়ে এ ব্যাপারে কঠোর নজরদারি শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার খান আতিয়ার রহমান বলেন, সন্ত্রাসী জঙ্গিবাদিদের কোনও ধর্ম নেই, দেশ নেই, তারা দেশ প্রেমিক নয়, মানব প্রেমিক নয়, তারা সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে বঙ্গবন্ধুর এই সোনার বাংলাকে সামনে এগিয়ে নিতে হবে।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. আহেমেদ আহসানুজ্জামান বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ সন্ত্রাস, জঙ্গিবাদ ও মৌলবাদকে প্রশ্রয় দেয় না আজ দলমত নির্বিশেষে সকল শিক্ষকের এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ তা প্রমাণ করে। মুক্তিযুদ্ধের চেতনায় আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের দেশ এসব কার্মকাণ্ড থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে সেটাই আমাদের প্রত্যাশা। তিনি আরও বলেন, বাংলাদেশে আগে এ ধরনের ঘটনা ঘটেনি। একদিনে এ অবস্থা সৃষ্টি হয়নি। এর কারণ বিশ্লেষণ করতে হবে।

/এইচকে/

আরও পড়ুন: পর্দার আড়ালের মদতদাতাদের খুঁজে বের করা কঠিন হবে না: সংসদে প্রধানমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম