আদালতের নির্দেশনা অনুযায়ী যথাযথ আইনি প্রক্রিয়ায় মীর কাশেমের ফাঁসির রায় বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বুধবার (৩১ আগস্ট) দুপুরে মাগুরার শ্রীপুর উপজেলা সদর ডিগ্রি কলেজ মাঠে জাতীয় শোক দিবস ও জঙ্গি, সন্ত্রাসবিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,‘দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তারা এখনও সক্রিয় রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সব অপশক্তিতে পরাজিত করেছি। প্রধানমন্ত্রী জঙ্গি-সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশের সব মানুষকে ঘুরে দাঁড়াতে বলেছেন। তার আহ্বানে সাড়া দিয়ে ছাত্র, শিক্ষক, আলেম ওলামারা জঙ্গিবাদের বিরুদ্ধে এক হয়েছে। আজ যুক্তরাষ্ট্র থেকে জন কেরি এসে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বের উন্নয়নের প্রশংসা করছেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রীকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু মানুষের কল্যাণের জন্য মহান আল্লাহ তাকে রক্ষা করেছেন । দেশের, শান্তি, অগ্রগতি ও উন্নয়নের জন্য তাকে বাঁচিয়ে রাখতে হবে।’
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাড. বীরেন শিকদার, মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহাব, কামরুল লায়লা জলি, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব অ্যাড. সাইফুজ্জামান শিখর, মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু , ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করীম মিন্টু প্রমুখ।
/এআর/







