বাগেরহাট অঞ্চলের সুন্দরবনের সুপতি এলাকায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর কাছে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে মংলা কোস্ট গার্ড।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কোস্ট গার্ড সদস্যরা অভিযান চালিয়ে এ চারজনকে উদ্ধার করেন। উদ্ধার জেলেরা হলেন- শ্যামল, বিমল, কমল ও শিপু।
এ বিষয়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. এম ফরিদুজ্জামান জানান, গোপন সংবাদে জানা যায়, বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে অপহৃত জেলেদের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুপতি ষ্টেশন সংলগ্ন শাপলা ফরেস্ট ক্যাম্প এলাকায় আটকে রেখেছে। এরপর কোস্ট গার্ড সদস্যরা সেখানে অভিযান চালান।
এ সময় কোস্ট গার্ড সদস্যদের দেখতে পেয়ে বনদস্যুরা তাদের ট্রলার নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ট্রলারটি ধাওয়া করা হয়। এক পর্যায়ে দস্যুরা ট্রলারে থাকা চার জিম্মিকে নদীতে ফেলে দিয়ে ট্রলার নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে নদী থেকে ওই চার জেলেকে উদ্ধার করা হয়। বিকেলে তাদের নিজ বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার হোসেনপুর থানার পরীঘাটা গ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছে।
/এবি/
আরও পড়ুন
সিলেটে তিনটি বিলাসবহুল গাড়ি জব্দ








