সাতক্ষীরার কুশখালি সীমান্তের বিপরীতে ভারতের আমুদিয়ায় বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি গরু রাখাল নিহত হয়েছেন। এ সময় গ্রেফতার হয়েছেন আরও এক গরু রাখাল। কিন্তু তার পরিচয় জানাতে পারেনি বিজিবি।
নিহত গরু রাখালের নাম মো. মোসলেমউদ্দিন (৩২)। তিনি সদর উপজেলার বাঁশহদা ইউনিয়নের পাঁচরকি গ্রামের জোহর আলির ছেলে। নিহতের বিষয়টি তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
তবে, বিজিবি’র পক্ষ থেকে নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা করা হয়নি। ৩৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরমান হোসেন ঘটনাস্থলে রয়েছেন।
বাঁশদহা ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহত মোসলেমউদ্দিনের রেইউ বাজারে চায়ের দোকান রয়েছে। তাকে লোভ দেখিয়ে গত শনিবার খাটাল মালিক আব্দুল খালেক ভারতে নিয়ে যান। আজ সকালে বিএসএফ-এর গুলিতে একজন নিহত হয়েছে এই খবর শোনার পর নিহতের ভাইয়ের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছি।’
এদিকে, সাতক্ষীরা ৩৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরমান হোসেন জানান, প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে যে কুশখালি সীমান্তের বিপরীতে ১০০ গজ ভারতের ভেতরে আমুদিয়ায় মেইন পিলার ১১ এর সাব পিলার ৭ এর কাছে গুলির ঘটনা ঘটে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তি ভারতীয় গরু নিয়ে আসছিল বলে জানা গেছে। তবে তিনি ভারতীয় নাকি বাংলাদেশি তা এখনও পরিষ্কার নয়।
বিজিবির কুশখালি বিওপি সুবেদার মোহাম্মদ আলি বলেন, মঙ্গলবার ভোরে কয়েকজন চোরাচালানি গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় বিএসএফ তাদের চ্যালেঞ্জ করে গুলি ছোড়ে। এতে একজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। একই সময়ে আরও একজন গ্রেফতার হবার খবরও পাওয়া গেছে।
তিনি জানান, এ বিষয়ে বিএসএফ-এর সঙ্গে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। পতাকা বৈঠক শেষে বিস্তারিত জানানো হবে।
/বিটি/








