সাতক্ষীরার কুশখালি সীমান্তের বিপরীতে ভারতের আমুদিয়া ক্যাম্পের ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফের) গুলিতে নিহত বাংলাদেশি লাশ পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় প্রশাসন। শুক্রবার বিকেলে কলারোয়া উপজেলার চারাবাড়ি সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় এই পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এর আগে মঙ্গলবার ভোরে কুশখালি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি রাখাল মোসলেম উদ্দীন নিহত হন। নিহত মোসলেমউদ্দিন সদর উপজেলার পাঁচরকি গ্রামের বাসিন্দা।
পতাকা বৈঠকে ভারতের স্বরুপনগর থানার ওসি শিবশংকর সিংহ, বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার বিবেক মিশ্র এবং বাংলাদেশের পক্ষে সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের তলুইগাছা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার হুমায়ন কবির, কুশখালী ক্যাম্পের নায়েক সুবেদার মোহাম্মদ আলী, সদর থানার এসআই কামাল ও এস আই আব্দুল মালেক উপস্থিত ছিলেন।
বিজিবির ৩৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, নিহত মোসলেম উদ্দীনের লাশের সব আইনি প্রক্রিয়া শেষ করে শুক্রবার বিকেল চারটার দিকে কলারোয় উপজেলার চারাবাড়ি সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের তলুইগাছা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার হুমায়ন কবির ও সদর থানার এসআই কামাল ও মালেকের কাছে লাশটি হস্তান্তর করেন।
/এমডিপি/








