যশোর শহরের নীলগঞ্জ সুপারিবাগান এলাকায় ভারতীয় ভিসা প্রসেসিং সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে এ সেন্টারে ভারতীয় ভিসার আবেদন গ্রহণ করছেন সংশ্লিষ্টরা।
যশোর সেন্টারের কর্মকর্তা মফিজুর রহমান জানান, যশোরের ব্যবসায়ী ও ভারত গমনকারীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ প্রসেসিং সেন্টারটি চালু হয়েছে। তিনি জানান, সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত সাতশ আবেদন গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, সাতদিন পর আজকের আবেদনকারীদের ভিসাসহ পাসপোর্ট ফেরত দেওয়া হবে।
এ দিকে, ভিসা প্রত্যাশীরা বলছেন এ সেন্টারের কার্যক্রম শুরু হওয়ায় তারা খুশি। এখন আর ঢাকা বা খুলনায় যেতে হবে না। সেইসঙ্গে হয়রানির শিকারও হতে হবে না।
ভারত- বাংলাদেশ চেম্বারের অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ইমপোর্ট এক্সপোর্ট সাব-কমিটির চেয়ারম্যান সভাপতি মতিউর রহমান বলেন, ভারত- বাংলাদেশে যাতায়াতের ক্ষেত্রে ভিসা প্রাপ্তির জন্য মানুষ বহু দুর্ভোগের শিকার হতো। সেই দুর্ভোগ কমাতে যশোরের এই প্রসেসিং সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
/বিটি/








