শিগগিরই খুলনায় একটি পূর্ণাঙ্গ ভিসা সেন্টার করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
হর্ষবর্ধন বলেন, ‘বাংলাদেশ-ভারত বর্তমানে এই দুদেশের সম্পর্ক অত্যন্ত গভীর। আর এই সম্পর্ককে আরও দৃঢ় করতে বাংলাদেশের পারস্পরিক অংশীদার হতে চায় ভারত। সে কারণে খুলনা-মংলা রেল সেতু নির্মাণ, মংলায় রামপাল পাওয়ার প্লান্ট, বেনাপোল ও পেট্রোপোল বন্দর আধুনিকায়ন করাসহ বিভিন্ন কর্মকান্ড যৌথভাবে করছে দুদেশ।’
এসময় তিনি ভারতের পেট্রোপোল বন্দর রাত ৮টা পর্যন্ত খোলা রাখার ঘোষণা দেন।
তিনি আরও বলেন, ‘দুদেশের ব্যবসায়ীদের স্বার্থে বাংলাদেশের ব্যবসায়ীদের ৫ বছরের মাল্টিপল ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’ এসময় পর্যটন নিয়ে দুদেশের একই সঙ্গে কাজ করার আশা প্রকাশ করেন তিনি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা চেম্বারের সভাপতি কাজী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ তালুকদার আব্দুল খালেক, সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান মিজান, খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ, খুলনা রেঞ্জ ডিআইজি এস এম মনির উজ জামান, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসানুল হক মিয়া, খুলনা মেট্রাপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি, খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসানসহ প্রমুখ।
/এআর/








