নতুন নির্বাচন কমিশন নিয়ে বিতর্ক সৃষ্টির কোনও সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘যারা বিতর্ক সৃষ্টি করতে চান, তাদের জনগণের রায়ের প্রতি কোনও আস্থা নেই। আর জনগণের ইচ্ছায়ই এই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।’ বৃহস্পতিবার কুষ্টিয়া মুসলিম হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মাহবুবউল আলম হানিফ বলেন, ‘ভুল রাজনীতির কারণে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এই ভুল রাজনীতিকে আড়াল করার জন্য দলটির নেতারা বার বার বিভ্রান্তিমূলক কথা বলছেন।’ তিনি নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী প্রমুখ।
/এআর/এমএনএইচ/








