চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দ্রুতগামী বাসের ধাক্কায় করিমন চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। রবিবার সকালে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের বন্ডবিল গেটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে করিমনচালক মনিরের পরিচয় জানা গেলেও যাত্রীর পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
নিহত করিমনচালক মনির আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামের মিনারুল মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, করিমনচালক মনির দুই যাত্রী নিয়ে আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। আজ রবিবার সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গা- আলমডাঙ্গা সড়কের বন্ডবিল গেটের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন করিমনের চালক মনির। গুরুতর আহত অবস্থায় করিমনের দুই যাত্রী লিওন ও অজ্ঞাত আরেকজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে অজ্ঞাত ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালককে আটক করা সম্ভব হয়নি।
/বিএল/







