চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অপহরণের সাতদিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার ফকিরপাড়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফয়জুল ইসলাম (৪৩) নামে একজনকে আটক করা হয়েছে।
আটককৃত ফয়জুল ইসলাম দামুড়হুদা উপজেলার ফকিরপাড়ার মৃত মকছেদ আলীর ছেলে।
দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাকী জানান, গত ৭ মার্চ স্কুল থেকে নিখোঁজ হয় দামুড়হুদা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর দুইজন ছাত্রী। ঘটনার পরদিন ওই দুই স্কুলছাত্রীর বাবা দামুড়হুদা মডেল থানায় দুটি সাধারণ ডায়েরি করেন। এরই সূত্র ধরে মোবইল ট্র্যাকিং করে সোমবার দুপুরে উপজেলার ফকিরপাড়া এলাকা থেকে অপহৃত দুই ছাত্রীকে উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফয়জুল ইসলামকে আটক করা হয়।
পরে সোমবার বিকেলে দামুড়হুদা মডেল থানায় অপহৃত ওই দুই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে পৃথক দুটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার অপর আসামি একই গ্রামের বদরুলের ছেলে আনিছুর পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।
/জেবি/
আরও পড়তে পারেন: ঝিনাইদহে অতিরিক্ত পুলিশ সুপারের উদ্যোগে রাস্তা মেরামত








