এখন থেকে বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধের ওপর ১০০ নম্বরের প্রশ্ন থাকবে, বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মঙ্গলবার দুপুরে নড়াইল জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।
শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিভিন্ন ক্লাসের পাঠ্যসূচিতে মুক্তিযুদ্ধের ইতিহাস বিস্তারিত তুলে ধরা হবে। পাশাপাশি মুক্তিযুদ্ধে বিরোধীতাকারী পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার, আলবদর, আল-শামস বাহিনীর সদস্যদের বিতর্কিত ভূমিকা ও দেশবিরোধী কার্যকলাপ তুলে ধরা হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘আগামী কোরবানির ঈদে প্রত্যেক মুক্তিযোদ্ধাকে বকেয়া বোনাসসহ মোট ৩২হাজার ৫০০ টাকা দেওয়া হবে। বোনাসের সঙ্গে তিনমাসের (জুলাই, আগস্ট, সেপ্টেম্বর) ভাতা বাবদ ৩০হাজার টাকাও দেওয়া হবে। অতিদ্রুত সারা দেশের প্রত্যেক মুক্তিযোদ্ধার বক্তব্য রেকর্ডিং করে তা ভবিষ্যতের জন্য আর্কাইভে সংরক্ষণ করা হবে।’
বর্তমান সরকার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি আবাসনের ব্যবস্থা করবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘কোনও মুক্তিযোদ্ধাকে আর গৃহহীন থাকতে হবে না। দূর-দূরান্তের অনেক বয়সী বা পঙ্গু মুক্তিযোদ্ধাকে বাড়ি থেকে অনেক পথ পাড়ি দিয়ে জেলা কিংবা উপজেলা সদরে এসে ভাতা তুলতে হয়। এ কষ্ট দূর করতে আগামীতে প্রত্যেক মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়ে ভাতা পৌঁছে দেওয়া হবে।’
এসময় মন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে মুক্তিযোদ্ধাসহ উপস্থিত সবার প্রতি আহ্বান জানান। পরে তিনি লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন।
নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামসহ প্রমুখ।
আরও পড়ুন: বিসিএস-এ মুক্তিযুদ্ধের ওপর ১০০ নম্বরের পরীক্ষা আসছে
/এমও/







